সিল্কসিটিনিউজ ডেস্ক: কুমিল্লার লাকসাম উপজেলায় কলেজ ছাত্রী স্মৃতি আক্তার (১৮) ফেসবুকে তার এডিট করা অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার কারণে আত্মহত্যা করেছেন বলে তার পরিবার জানিয়েছে।
তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্মৃতি আক্তারের একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, যাতে তিনি লিখে গিয়েছেন- ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাতে লাকসাম উপজেলার অশ্বতলা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে স্মৃতি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন। এর পর দিন শনিবার পরিবারের লোকজন স্মৃতির লিখে যাওয়া নোটটি পান। স্মৃতি লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

উদ্ধারকৃত সুইসাইড নোটে লেখা রয়েছে, আলম নামের যুবক তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এক সময় আলম তাকে হত্যা করার হুমকি দেন। বিষয়টি স্মৃতি তার মাকে জানালে তার মা আলমের পরিবারকে বিষয়টি জানান। এতে আলম ক্ষিপ্ত হয়ে স্মৃতির নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার চালান। এমনকি, তার ছবি অশ্লীলভাবে এডিট করে তা ফেসবুকে পোস্ট করেন। এ বিষয়টি স্মৃতি জানার পর লজ্জায় অপমানে আত্মহত্যার পথ বেছে নেন।
স্মৃতির মা অহিদা বেগম বলেন, ‘লাকসাম পৌরসভার রাজঘাট এলাকার লাল মিয়ার ছেলে আলম বিভিন্ন সময় আমার মেয়েকে উত্ত্যক্ত করত। আলম তার বন্ধুদের দিয়েও পথেঘাটে ও কলেজে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। এক সময় আলম স্মৃতিকে হত্যার হুমকি দিলে স্মৃতি ভয়ে বিষয়টি আমাকে জানায়। আমি আলমের পরিবারকে বিষয়টি অবহিত করলে স্মৃতিকে উত্ত্যক্ত করতে আলমকে নিষেধ করে তার বাবা। আলম এতে ক্ষিপ্ত হয়ে স্মৃতির নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার চালায়।’
লাকসাম থানার এসআই বোরহান উদ্দিন জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ সুইসাইড নোটের হাতের লেখার সঙ্গে স্মৃতির হাতের লেখা মিল রয়েছে কি না- তা খতিয়ে দেখছে। এটা যদি স্মৃতির লেখা হয়ে থাকে, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: রাইজিংবিডি










