সিল্কসিটিনিউজ ডেস্ক: সংসদ নির্বাচনের আগেই রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়াতে যাচ্ছে ছয় সিটি করপোরেশন নির্বাচন। পর্যবেক্ষক মহলের মত, একাদশ সংসদ নির্বাচনের আগে দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপির জন্য জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ নিয়ে আসছে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও গাজীপুর এই ছয় সিটির নির্বাচন।
গ্রহণযোগ্যতা নির্বাচনের ব্যারোমিটার শুধু নয়, মর্যাদার লড়াইয়েরও বড় উপলক্ষ হতে পারে সিটি নির্বাচন। তার চেয়েও বড় কথা, এই নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে বিশেষ প্রভাব রাখতে পারে। তাই বড় দুই দল ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। ভোটারদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়, পোস্টারে প্রার্থিতার ইচ্ছা প্রকাশ এবং নগরীর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে উঁচু গলায় কথা বলা শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়নের আশায় দলের কেন্দ্রীয় নেতাদের নজর কাড়তেও চলছে প্রতিযোগিতা। দুই দলেরই বিভিন্ন ফোরামে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। জাতীয় পার্টি এরই মধ্যে প্রার্থীও ঘোষণা করেছে খুলনা ও রংপুরে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পাঁচ বছরের নির্ধারিত মেয়াদ শেষে আগামী বছরের প্রথম ভাগে রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন হবে। এর ঠিক আগেই হবে রংপুর সিটি নির্বাচন। ২০১৩ সালের ১৫ জুন রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল এবং ৬ জুলাই গাজীপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর আগের বছর হয় রংপুরে।

রংপুর ছাড়া পাঁচটিতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা মেয়র পদে জয়ী হয়েছিলেন।
সর্বশেষ গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও বিএনপির মেয়র প্রার্থী জয়ী হলে সরকারি দল আওয়ামী লীগ হতাশ হয়। স্থানীয় আওয়ামী লীগের ভেতরের কোন্দলেই দলীয় প্রার্থীর ওই পরাজয় হয়েছে বলে শীর্ষ নেতাদের অনেকে অভিযোগ করেন। এবার ভুল থেকে শিক্ষা নিয়ে দলটি প্রস্তুতি নিতে শুরু করেছে। বিএনপিও জয়ের ধারা ধরে রাখতে এবং এর ফসল জাতীয় নির্বাচনে কাজে লাগাতে কৌশল ঠিক করছে। ছোট ছোট রাজনৈতিক দলের ভেতরেও শুরু হয়েছে আগাম হিসাব-নিকাশ। তারাও জয়-পরাজয়ে প্রভাবক হয়ে উঠতে চাইছে বেশির ভাগ মহানগরীতে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি বলেন, ‘কুমিল্লার নির্বাচনে দল হারলেও সরকার হারেনি। তবে কোন্দল নিরসন করে দল গোছানো হচ্ছে। স্থানীয় নির্বাচন ও একই সঙ্গে জাতীয় নির্বাচনের প্রার্থীও বাছাই করতে তথ্য সংগ্রহে আমরা গুরুত্ব দিচ্ছি। ’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘নিঃসন্দেহে সিটি নির্বাচনের গুরুত্ব আছে। এটি হবে জাতীয় নির্বাচনের আগে। প্রাথমিকভাবে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি আমরা। এর জন্য প্রার্থীর জনপ্রিয়তা হবে বড় নির্দেশক। ’
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ২০১৮ সালের ৩০ অক্টোবর থেকে ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। এ জন্য পথনকশা তৈরি করেছে নির্বাচন কমিশন। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। তাই নির্বাচন কমিশন সব দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন করতে সচেষ্ট রয়েছে।
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, ‘আমরা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন করার পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পেয়েছি। নিরপেক্ষ সিটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের কমিশনের প্রতি সব রাজনৈতিক দলের আস্থা আরো বাড়বে বলে আশা করি। ’
নতুন নির্বাচন কমিশন গঠনের পর শপথ অনুষ্ঠিত হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি। নতুন কমিশন গঠনের পর দলীয় প্রতীকে প্রথমবারের মতো নির্বাচন হয়েছে কুমিল্লা সিটি করপোরেশনের। তার আগে প্রথম দলীয় প্রতীকে ভোট হয়েছে গত বছরের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে। ২০১৩ সালে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও গাজীপুর সিটি নির্বাচনে রাজনৈতিক দলগুলো থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হলেও দলীয় প্রতীক ছিল না। নবগঠিত রংপুর সিটি করপোরেশনের নির্বাচন হয়েছিল ২০১২ সালে দলীয় প্রতীক ছাড়াই। এবার আলোচ্য ছয় সিটি করপোরেশনেই নির্বাচন হবে দলীয় প্রতীকে।
দলীয় প্রতীকে এসব মহানগরে প্রথমবারের মতো সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। ব্যক্তি ও সেই সঙ্গে দলের ভাবমূর্তি, স্থানীয় উন্নয়নে গত নির্বাচনে জয়ী মেয়রদের কর্মকাণ্ড কিংবা তাঁদের ব্যর্থতার কারণ, নতুন প্রার্থীর সক্ষমতা—এসব বিষয় যে ফলাফলের নিয়ামক হবে আওয়ামী লীগ ও বিএনপি দুই পদক্ষেপ নিতে যাচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লায় পরাজয়ের পর থেকেই আওয়ামী লীগ সিটি নির্বাচন সামনে রেখে দলীয় কোন্দল নিরসন ও সঠিক প্রার্থী বাছাইয়ে বিশেষ নজর দিয়েছে। নির্বাচন কমিশনও নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে, সবার আস্থা অর্জন করার লক্ষ্য সামনে রেখেই এ ছয় সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন নিরপেক্ষতার প্রমাণ দিতে পেরেছে। এসব নির্বাচনেও কমিশন দায়িত্ব পালনের জন্য আগাম পরিকল্পনা নিচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ছয় সিটি নির্বাচনে বিএনপিসহ অন্যান্য দলের অংশ নিশ্চিত করতে চায় কমিশন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ‘বড় বড় মহানগরীর মেয়র পদে আমাদের প্রার্থীরা জয়ী হয়েছিলেন। নির্বাচনের জন্য এসব মহানগরে প্রস্তুতি শুরু হয়েছে। কেন্দ্রের সঙ্গে এসব মহানগরীর সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা যোগাযোগ শুরু করেছেন। আমরা কেন্দ্রীয়ভাবে তদারকি শুরু করেছি। জাতীয় নির্বাচনের প্রস্ততিও নিচ্ছি। ’
এক নজরে আগের নির্বাচন
রংপুর : ২০১২ সালের ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে প্রথম ভোট অনুষ্ঠিত হয়েছিল। মেয়র পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে আওয়ামী লীগ নেতা সরফুদ্দিন আহমেদ ঝন্টু জয়লাভ করেন। আগামী ২১ আগস্ট থেকে শুরু হচ্ছে এ সিটির দ্বিতীয় নির্বাচনের ক্ষণ গণনা—করতে হবে ছয় মাস অর্থাৎ ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারির মধ্যে। জানা গেছে, নির্বাচন কমিশন ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। এ কারণে ইতিমধ্যে শুভেচ্ছার নগরীতে পরিণত হয়েছে রংপুর। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুসহ দলটির ১০ নেতা দলীয় মনোনয়নের জন্য মাঠে নেমেছেন। সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। দলীয় চেয়ারম্যানের ঘোষণা আসার পরদিনই নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন জাপার আরেক নেতা ও সাবেক পৌর মেয়র এ কে এম আব্দুর রউফ মানিক। তিনি নাগরিক ঐক্য পরিষদের ব্যানারে সভা-সমাবেশ করছেন। বিএনপি থেকে মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক সামসুজ্জামান সামু, শহর বিএনপির সাবেক সভাপতি শিল্পপতি কাওসার জামান বাবলার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে।
রাজশাহী : ২০১৩ সালের ১৫ জুন রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে হারিয়ে মেয়র হন বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। বুলবুল পলাতক ও কারাবন্দি থেকে কাটিয়েছেন প্রায় দুই বছর। সামনে আওয়ামী লীগের প্রার্থী করা হতে পারে লিটনকেই। তবে মনোনয়ন পেতে তত্পর আছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সদস্য আহসানুল হক পিন্টু। বিএনপি থেকে বর্তমান মেয়র বুলবুল প্রার্থী হতে প্রস্তুতি নিচ্ছেন।
খুলনা : জাতীয় পার্টি দলের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে। এরশাদ সম্প্রতি খুলনায় এক সমাবেশে দলে সদ্য যোগদানকারী মুশফিকুর রহমান মুশফেককে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। বর্তমান মেয়র বিএনপি মহানগর কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি দলের মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে পারেন মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।
সিলেট : তখনকার মেয়র, মহানগর আওয়াম লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে জয়ী হয়েছিলেন মহানগর বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী। নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালনের অর্ধেকের বেশি সময় ছিলেন কারাগারে। আগামী বছরের প্রথম দিকে নির্বাচন হবে ধরে নিয়ে সিলেটে কামরান, আরিফসহ আওয়ামী লীগ ও বিএনপির ডজনখানেক নেতা মাঠে সক্রিয় রয়েছেন। অর্থমন্ত্রীর ঘনিষ্ঠ অনুসারী বলে পরিচিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, ব্যবসায়ী মাহিউদ্দিন আহমদ সেলিমও হয়তো প্রার্থী হতে চাইবেন। বিএনপি থেকে মেয়র পদপ্রার্থী হতে তত্পর বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
বরিশাল : আওয়ামী লীগ সমর্থিত মেয়র শওকত হিসেন হিরণকে পরাজিত করে জয়ী হয়েছিলেন বিএনপির আহসান হাবিব কামাল। আগামী সিটি নির্বাচনে মনোনয়ন পেতে তত্পর আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সাদিক আব্দুল্লাহকে প্রায় ছয় মাস ধরে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আগামীর মেয়র প্রার্থী বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। সাদিক স্থানীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে। বিএনপি থেকে প্রার্থী হতে চাইছেন মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার ও বর্তমান মেয়র আহসান হাবিব কামাল। মজিবুর অনুসারিদের অনেকে অবশ্য বলছেন, সংসদ সদস্য পদে মনোনয়ন পেলে মজিবর মেয়র পদে মনোনয়ন চাইবেন না।
গাজীপুর : নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনে প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন বিএনপি মনোনীত প্রাথী অধ্যাপক এম এ মান্নান। তাঁকে তৃতীয়বারের মতো বরখাস্ত করা হয়েছে গত ৬ জুলাই। আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী হতে সবচেয়ে বেশি সরব মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। নগরীর ৫৭টি ওয়ার্ডে তিন মাস ধরে তিনি সভা করে চলেছেন। আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলও তত্পর। গত নির্বাচনে পরাজিত মেয়র পদপ্রার্থী মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খান প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন ঘরোয়াভাবে। সূত্র: কালের কণ্ঠ










