সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
আন্তর্জাতিক

গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০২৬৩ মিনিট পড়া
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীন সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে হোয়াইট হাউসের সাংবাদিকদের ফোন সাময়িকভাবে জব্দ করেছেন মার্কিন কর্মকর্তারা। গুপ্তচরবৃত্তি ও সাইবার নিরাপত্তার আশঙ্কায় নেওয়া এ পদক্ষেপের পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমানের সম্ভাব্য গন্তব্য নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় চীনের শেনজেন থেকে ট্রাম্পের বিমান উড্ডয়নের প্রস্তুতিকালে সাংবাদিকদের কাছ থেকে ফোনসহ বিভিন্ন ডিভাইস সংগ্রহ করা হয়। হোয়াইট হাউসের পুল রিপোর্টে বলা হয়, নিরাপত্তার স্বার্থে যাত্রা শুরুর আগে ফোনগুলো নিয়ে নেওয়া হচ্ছে। এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সাধারণত যুদ্ধক্ষেত্রে প্রেসিডেন্টের সফরের সময় সাংবাদিকদের ফোন জব্দ করা হয়। এর আগে ২০১৮ সালে ইরাকের আল-আসাদ বিমানঘাঁটি এবং ২০১৯ সালে আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি সফরের সময় এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে চীন সফর থেকে ফেরার সময় ফোন জব্দের ঘটনা অস্বাভাবিক।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ফক্স নিউজের সংবাদদাতা জ্যাকি হাইনরিখ জানিয়েছেন, মে মাসে ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের পর বেইজিং থেকে ফেরার সময় সাংবাদিকদের ফোন নেওয়া হয়নি। এবার সাইবার নিরাপত্তার অংশ হিসেবে ফোনগুলো ধাতব আস্তরণযুক্ত ‘ফ্যারাডে ব্যাগে’ রাখা হয়েছে, যাতে সেগুলো কোনো সংকেত পাঠাতে না পারে। সংগৃহীত ফোনগুলোর বেশিরভাগই চীন সফরের জন্য ব্যবহৃত সাময়িক ফোন।

এদিকে, আলাস্কার ওপর আরোপিত উড়ান নিষেধাজ্ঞা বৃহস্পতিবার তুলে নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাটি ট্রাম্পের বিমানের সম্ভাব্য জ্বালানি নেওয়ার সময়ের সঙ্গে মিলে যাওয়ায় বিমানটির গন্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। সম্ভাব্য গন্তব্য হিসেবে উত্তর কোরিয়ার নাম আলোচনায় এসেছে।

এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) সম্মেলনের ফাকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে। বুধবার ম্যানিলায় সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, কিমের সঙ্গে দেখা করতে ট্রাম্প প্রস্তুত থাকলেও বৈঠকটি নাও হতে পারে। তবে সফরের আগে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছিলেন, উত্তর কোরিয়ার সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা নেই।

এর আগে কিমের সঙ্গে ট্রাম্পের দুটি বৈঠক হয়েছিল। পরে কোরীয় অসামরিকীকরণ অঞ্চলে (ডিএমজেড) তাদের আরেকবার সাক্ষাৎ হয়। ওই সফরে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প অল্প সময়ের জন্য উত্তর কোরিয়ার মাটিতে পা রাখেন। তবে এসব বৈঠক থেকে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি হয়নি।

চীন সফরের শেষ দিকে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ট্রাম্প তাঁকে বন্ধু বলে উল্লেখ করেন। প্রায় ৪০ মিনিটের বৈঠক নিয়ে হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ক্রেমলিন জানিয়েছে, আলোচনায় ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি উঠে এসেছে।

ত্রিপক্ষীয় বৈঠকের পর যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চার দফার একটি ‘শান্তি ঘোষণা’ প্রকাশ করে। এতে পারমাণবিক যুদ্ধ এড়ানো, পারমাণবিক ঝুঁকি কমাতে আলোচনা, জাতিসংঘের সংস্কার এবং জ্বালানি পণ্যের সরবরাহ বাড়ানোর অঙ্গীকার করা হয়।