সিল্কসিটিনিউজ ডেস্ক:
রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। তবে শেয়ারবাজার থেকে তহবিল সংগ্রহে স্পেসএক্সের রেকর্ডটি টিকল মাত্র পাঁচ মাস।
গত জুনে যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার সময় ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছিল ইলন মাস্কের প্রতিষ্ঠানটি। এবার সেই রেকর্ড ভেঙে ৮১ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করল এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। বৃহস্পতিবার নাসডাকে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হতে যাচ্ছে।

পাঁচ বছর বয়সী এই প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়াবে প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলার।
লোকসানে থাকা এই প্রতিষ্ঠানটির শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহের কারণে পূর্বপরিকল্পনার চেয়ে বেশি শেয়ার বিক্রি করা হয়েছে। অ্যানথ্রপিকের প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ ডলার, যা আগে প্রস্তাবিত ৭০ থেকে ৭৮ ডলারের সীমার চেয়ে বেশি।
দ্রুত বর্ধনশীল এআই খাতের জন্য শেয়ার বাজারে এই তালিকাভুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
অ্যানথ্রপিকই প্রথম শতভাগ এআই-কেন্দ্রিক প্রতিষ্ঠান, যারা জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করছে। এ রেকর্ড গড়া তালিকাভূক্তির ফলে ২০২১ সালে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করা সাতজন সহ-প্রতিষ্ঠাতা রাতারাতি মাল্টি-বিলিয়নিয়ারে পরিণত হবেন।
চলতি মাসের শুরুর দিকে প্রতিষ্ঠানটি জানিয়েছিল যে তারা প্রতিটি শেয়ার ৭০ থেকে ৭৮ ডলারের মধ্যে বিক্রি করবে, যাতে কোম্পানিটির সর্বোচ্চ বাজারমূল্য ১.৩ ট্রিলিয়ন ডলার হতে পারত। কিন্তু নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একজন প্রাথমিক বিনিয়োগকারী বিবিসিকে জানান, অ্যানথ্রপিকের শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও-এর চাহিদা ছিল আকাশচুম্বী। তিনি বলেন, তালিকাভুক্তির আগেই প্রাপ্য শেয়ারের তুলনায় ১০ গুণেরও বেশি আবেদন জমা পড়েছিল।
কোডিং, লেখালেখি এবং তথ্য বিশ্লেষণের মতো কাজগুলো দ্রুত করার জন্য তৈরি অ্যানথ্রপিকের টুলগুলোর বাজার বড় হওয়ায় গত এক বছরে প্রতিষ্ঠানটির আয় ফুলেফেঁপে উঠেছে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার। তবে আইপিও নথি অনুযায়ী, একই সময়ে তাদের নিট লোকসানও বেড়ে ১০৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
ক্যানাকর্ড ওয়েলথের লিয়াহ ব্রামওয়েল বলেন, প্রাতিষ্ঠানিক এবং সাধারণ—উভয় ধরনের বিনিয়োগকারীদের কাছ থেকে এই শেয়ারের প্রতি ব্যাপক আগ্রহ দেখা গেছে। তিনি আরও বলেন, ’এটি আমাদের আশ্বস্ত করে যে এআই-ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর প্রতি কেবল সাধারণ বিনিয়োগকারীদের অন্ধ উন্মাদনা কাজ করছে না।’
চাহিদা কতটা শক্তিশালী থাকে তার ওপর ভিত্তি করে লেনদেন শুরু হওয়ার পর অ্যানথ্রপিকের সামগ্রিক বাজারমূল্য আরো বাড়তে পারে। চলতি বছরের জুনে ইলন মাস্কের স্পেসএক্স নাসডাকে তালিকাভুক্ত হওয়ার পর এর মূল্য ২.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল, যদিও পরবর্তী সপ্তাহগুলোতে শেয়ারের দাম কিছুটা কমে যায়।
বর্তমান হিসাব অনুযায়ী, অ্যানথ্রপিক সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৮১ বিলিয়ন ডলারের বেশি এবং এনভিডিয়াসহ বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রি করে অতিরিক্ত আরও ২৬ বিলিয়ন ডলার সংগ্রহ করবে। উল্লেখ্য, এনভিডিয়া দীর্ঘদিন ধরেই তাদের এআই চিপ কেনা প্রতিষ্ঠানগুলোতে অর্থায়ন করে আসছে। চাহিদা বেশি থাকলে শেয়ার বিক্রির দায়িত্বে থাকা ব্যাংকগুলো যদি ‘গ্রিনশু অপশন’ প্রয়োগ করে আরও শেয়ার বিক্রি করে, তবে অ্যানথ্রপিক অতিরিক্ত আরও ১২ বিলিয়ন ডলার সংগ্রহ করতে পারে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি ১০৭ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল তুলতে সক্ষম হতে পারে।
অ্যানথ্রপিকের প্রধান প্রতিদ্বন্দ্বী এবং চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই আগামী বছর শেয়ার বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অ্যানথ্রপিকই হবে একমাত্র পাবলিক কোম্পানি, যা সম্পূর্ণভাবে এআই প্রযুক্তি ও টুলসকে কেন্দ্র করে গড়ে উঠেছে। গুগল বা মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টদের চেয়ে এর কাজের ক্ষেত্র আলাদা, কারণ ওই প্রতিষ্ঠানগুলো এআই নিয়ে কাজ করলেও অন্যান্য প্রযুক্তি সেবাও দিয়ে থাকে।
অ্যানথ্রপিকের শেয়ার বাজারে আসা নিয়ে ব্যাপক উত্তেজনা থাকলেও ভবিষ্যতে প্রতিষ্ঠানটির আয় ও মুনাফা অর্জনের সক্ষমতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা উদ্বেগও রয়েছে। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রধান আর্থিক বিশ্লেষক ইয়াং ওয়াং বলেন, অ্যানথ্রপিকের জন্য মূল বিষয় হলো আগামী কয়েক বছরে শত শত বিলিয়ন ডলারের আর্থিক দায় পরিশোধের সময় এলে তাদের ব্যবসা সেই গতির সাথে তাল মেলাতে পারবে কি না। তবে তিনি যোগ করেন, ’প্রযুক্তির পরবর্তী ধাপকে রূপ দিতে সক্ষম এমন একটি শীর্ষস্থানীয় এআই ডেভেলপার প্রতিষ্ঠানে সাধারণ বিনিয়োগকারীদের সরাসরি বিনিয়োগের সুযোগ প্রতিদিন আসে না।’
ওপেনএআই-এর সাতজন সাবেক কর্মী মিলে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন, যার নেতৃত্বে ছিলেন ভাই-বোন দারিও আমোদেই এবং ড্যানিয়েলা আমোদেই। দারিও আমোদেই বরাবরই স্পষ্টভাষী ছিলেন যে, এআই টুলসগুলো খুব শীঘ্রই এতটাই শক্তিশালী হয়ে উঠতে পারে যা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। প্রতিষ্ঠানটি ডেভেলপারদের এআই-এর বিকাশ ধীর করার আহ্বান জানিয়ে বলেছিল, সুরক্ষা ব্যবস্থা ছাড়া উন্নত এআই সিস্টেম মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ ঝুঁকি তৈরি করতে পারে। ওপেনএআই-ও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছিল এবং এআই নিরাপত্তার বিষয়গুলো সমাধানের জন্য শেয়ার বাজারে আসার পরিকল্পনা পিছিয়ে দিয়েছিল। তবে অ্যানথ্রপিক দ্রুত বড় হতে চায় এবং শেয়ার বাজারের মাধ্যমে আরও বেশি অর্থায়নের সুযোগ নিতে আগ্রহী।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে প্রযুক্তি খাতের শেয়ার বাজারে অস্থিরতা চলছে। ডেমোক্র্যাট প্রার্থীরা এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টারের বিরোধিতা করায় বিনিয়োগকারীরা এআই-এর ওপর কঠোর নিয়মকানুন আরোপের আশঙ্কা করছেন।
বিনিয়োগ প্রতিষ্ঠান এমপাওয়ারের কৌশল প্রধান মার্তা নর্টন বলেন, বাজারের এই অস্থিরতার সময়েও অ্যানথ্রপিকের শেয়ার বাজারে আসার সিদ্ধান্তের পেছনে সহজ কারণ হলো— প্রতিষ্ঠানটির আরও অর্থের প্রয়োজন। বিবিসিকে তিনি বলেন, ’এআই খাতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। শেয়ার বাজার সেই অর্থের প্রবাহ আরেকটু বাড়িয়ে দেয়, তাই এখনই এর উপযুক্ত সময়।’
তবে এআই শিল্পের ব্যবসায়িক মডেল নিয়ে বৃহত্তর পরিসরে উদ্বেগ বাড়তে শুরু করেছে, কারণ এই শিল্পটি ব্যয়বহুল কম্পিউটার চিপের ওপর নির্ভরশীল; যার সরবরাহ বর্তমানে সীমিত। এছাড়া এই প্রযুক্তি বিতর্কিত ডেটা সেন্টারের ওপর নির্ভরশীল এবং এসব কার্যক্রম চালাতে অন্যান্য প্রযুক্তি কোম্পানির সাথে বড় বড় চুক্তির প্রয়োজন হয়।
সূত্র: বিবিসি










