সিল্কসিটিনিউজ ডেস্ক:
মহাতারকা লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হার দিয়ে শুরু করে স্কালোনি বাহিনী। তবে দলের খেলোয়াড়দের লড়াকু মানসিকতায় খুশি ২০৩০ পর্যন্ত চুক্তি নবায়ন করা স্কালোনেতা।
আন্তর্জাতিক বিরতিতে দুই প্রীতি ম্যাচের একটি হারের পর দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কোস্টারিকার মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটিতে একাদশে চার-পাঁচটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। সেই সঙ্গে ইনজুরি কাটিয়ে গোলবারের নিচে ফিরছেন ইমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ।
প্রীতি ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৫টায় কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্কালোনি বলেন, ‘ইমিলিয়ানো গোলপোস্টের নিচে থাকবে। আগের ম্যাচের জন্যও সে ফিট ছিল। কিন্তু তখন তাকে খেলানোটা ঝুঁকিপূর্ণ মনে হয়েছিল। তাই তাকে বিশ্রাম দিয়েছিলাম।
একাদশে পরিবর্তনের বিষয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘অনুশীলনের ওপর নির্ভর করে আমরা চার-পাঁচটি পরিবর্তন আনব।’
কোস্টারিকাকে সহজ প্রতিপক্ষ মনে করছেন না স্কালোনি। ২০১৪ সালে লস অ্যাঞ্জেলেসে দলটির বিপক্ষে ম্যাচের স্মৃতিও মনে করিয়ে দিয়েছেন তিনি। সেবার গুস্তাভো আলফারোর অধীনে খেলা কোস্টারিকার কাছে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা।
স্কালোনি বলেন, ‘প্রথমার্ধে তারা আমাদের চমকে দিয়েছিল।
তাদের ভালো খেলোয়াড় আছে, এমন একজন কোচ আছেন যিনি দলকে ভালো খেলান। বলের দখলে থাকলে তারা খেলার কৌশল পরিবর্তন করে। বিষয়টি বেশ আকর্ষণীয়। ইকুয়েডরের বিপক্ষেও তারা খুব ভালো খেলেছে। তারা কঠিন প্রতিপক্ষ।’
উরুগুয়ের কাছে হারের পরও নিজেদের পারফরম্যান্স নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন স্কালোনি। তার মতে, দল স্বাভাবিক ছন্দেই খেলেছে। তিনি বলেন, ‘দল ভালো খেলেছে। যেভাবে আমরা খেলে আসছি, সেভাবেই খেলেছে। তাই আমরা শান্ত আছি।’
প্রথমার্ধে বলের দখল ও গোলের সুযোগ তৈরিতে সন্তুষ্ট ছিলেন আর্জেন্টিনা কোচ। বিরতির পর কিছু পরিবর্তন এনে ভিন্ন কৌশলও পরীক্ষা করেছেন তারা। স্কালোনি বলেন, ‘আমরা প্রতিক্রিয়া দেখানোর সুযোগ পাইনি। কারণ, তারা দুটি গোল করে ফেলে। এরপর ম্যাচের নিয়ন্ত্রণও কিছুটা হারিয়ে যায়। তবে আমি জোর দিয়ে বলতে চাই, দল ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেছে। এই মুহূর্তে সেটিই গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘আমাদের দলে দারুণ সব খেলোয়াড় আছে, এটা স্বস্তির বিষয়। ফলাফল আমাদের ভালো লাগেনি। তবে দলের স্বাভাবিক পারফরম্যান্সের তুলনায় ফলাফলকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না।’
কোস্টারিকার বিপক্ষেও আর্জেন্টিনা একই খেলার ধরন বজায় রাখবে জানিয়ে স্কালোনি বলেন, ‘আমরা একইভাবে খেলব, খেলার ছক পরিবর্তন করব না। কিছু বেশি আক্রমণাত্মক খেলোয়াড় ব্যবহার করে পরিবর্তন আনতে পারি, তবে মূল কৌশল একই থাকবে।’
আর্জেন্টিনার সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন স্কালোনি। তার মতে, দলের ভালো-মন্দ সব সময়ই সমর্থকেরা পাশে থাকেন। তবে স্টেডিয়ামে আসার ক্ষেত্রে খরচের বিষয়টিও দর্শকেরা বিবেচনা করেন বলে মনে করেন তিনি।
আর্জেন্টিনার কোচিং স্টাফে লিওনেল মেসির যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে স্কালোনি বলেন, ‘আমার মনে হয় মেসি খেলতে থাকবে। ২০৩০ সালের পরও সে খেলা চালিয়ে যাবে। আশা করি, যত দিন সম্ভব খেলবে। যদি সে কোচিং স্টাফে যোগ দিতে চায়, তাতেও কোনো সমস্যা নেই।’
নতুন চক্রে নিজের লক্ষ্য নিয়ে স্কালোনি বলেন, ‘নিজের জন্য আলাদা কোনো লক্ষ্য ঠিক করিনি। আমাদের উদ্দেশ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলে যাওয়া। সেদিন আমরা সেটপিস থেকে গোল হজম করে হেরেছি। কিন্তু এ কারণে এত দিন যা করেছি, তা ছুড়ে ফেলে দেওয়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক বছরগুলোর মতো প্রতিদ্বন্দ্বিতা করা এবং নিজেদের সর্বোচ্চটা দেওয়াই লক্ষ্য। জাতীয় দলে খেলার জন্য যেসব খেলোয়াড়ের মধ্যে সেই আগ্রহ ও ক্ষুধা আছে, তাদের খুঁজে বের করতে হবে।’
আগের চক্রের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য তুলে ধরে স্কালোনি বলেন, ‘আগেরবারের তুলনায় এবার আমাদের একটি ভিত্তি তৈরি আছে। তবে যারা দল ছেড়ে গেছে, তাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তারা ছিল অসাধারণ খেলোয়াড়, তাদের জায়গা নেওয়া সহজ নয়। আমাদের এমন তরুণ খেলোয়াড় আছে, যারা দীর্ঘদিন দলের সঙ্গে থাকতে পারে। তাদের আরো সুযোগ দিয়ে যাচাই করতে হবে।’
দলের মূল খেলোয়াড়দের একটি কাঠামো তৈরির কথাও জানিয়েছেন আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, ‘এই দলে আসতে পারেনি এমন কয়েকজন খেলোয়াড় আছে, যারা ক্লাবের হয়ে ম্যাচ খেলছে। গুরুত্বপূর্ণ ম্যাচ না থাকলেও আমরা তাদের এই দলে আনার প্রয়োজন মনে করিনি। ভবিষ্যতে দলে আসতে পারে, এমন খেলোয়াড়ও আছে। আমাদের হাতে এখন ২৪ জন খেলোয়াড় আছে, চোটে থাকা খেলোয়াড়েরাও রয়েছে। তাই বেছে নেওয়ার মতো ভালো একটি দল আছে। ভবিষ্যতের ক্যাম্পগুলোতে একই খেলোয়াড়দের নিয়ে একটি মূল দল গড়ে উঠবে।’










