সিল্কসিটিনিউজ ডেস্ক:
দীর্ঘ ১৮ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্যারিয়ারের ইতি টানলেন ভারতীয় জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্যাপ্টেন কুলখ্যাত মহেন্দ্র সিং ধোনি। খেলোয়াড়ি জীবনে ইতি টানলেও আইপিএলের চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার প্রায় দুই দশকের সম্পর্ক ছিন্ন হচ্ছে না।
২০২৭ আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব নিচ্ছেন ভারতের সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
মঙ্গলবার বিকেলে স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত এই তথ্য নিশ্চিত করেছে চেন্নাইয়ের মালিক এন শ্রীনিবাসন। আগামী আসরের ক্রিকেটার ধরে রাখার (রিটেনশন) শেষ দিনে ধোনির এই ভূমিকা বদলের ঘোষণা দেয় চেন্নাই সুপার কিংস। এর মধ্য দিয়ে পর্দা নামল আইপিএলের অন্যতম সফল ও বর্ণাঢ্য এক খেলোয়াড়ি ক্যারিয়ারের।

এক বিবৃতিতে এন শ্রীনিবাসন বলেন, ‘হলুদ জার্সিতে মাঠে না নামলেও দলের অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকছেন ধোনি।’
ধোনি সবসময়ই আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এটিই সবসময় ওর ঘর বলে যোগ করে তিনি।
ক্যাপ্টেন কুলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, ‘একটি যুগের অবসান।
আজীবন অবিস্মরণীয় স্মৃতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, এমএস ধোনি। শুভ অবসর, ক্যাপ্টেন কুল।’
চেন্নাই সুপার কিংসের সহ-মালিক রূপা গুরুনাথ বলেছেন, ধোনি একজন পরামর্শদাতা হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির অংশ হয়ে থাকবেন। তাঁর অভিজ্ঞতা দলের জন্য অমূল্য।
মাঠে হলুদ জার্সিতে তাঁকে (ধোনিকে) দেখতে না পাওয়ার অভাব আমরা অনুভব করব; তবে তিনি আমাদের খেলোয়াড়দের পথপ্রদর্শন করে যাবেন জেনে আমরা আনন্দিত বিবৃতিতে আরো বলেছেন গুরুনাথ।
সাম্প্রতিক বছরগুলোতে বারবার চোটের কারণে ক্রিকেটার হিসেবে ধোনির ভূমিকা কমে যাওয়ায় এই পরিস্থিতির ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল। লক্ষণীয়, সিএসকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এই সুপারস্টার উইকেটরক্ষক-ব্যাটসম্যানের কোনো মন্তব্য ছিল না।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাইয়ের সমার্থক হয়ে উঠেছিলেন ধোনি। তার নেতৃত্বে পাঁচটি আইপিএল শিরোপার পাশাপাশি দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফি জিতেছে দলটি।
চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনা পরিচালক কেএস বিশ্বনাথন মনে করেন, ট্রফির চেয়েও ধোনির বড় অর্জন চেন্নাই শহর ও এর মানুষদের আপন করে নেওয়া।
“ক্রিকেটার হিসেবে ধোনি যা অর্জন করেছে, তা প্রতিটি ভক্তের স্মৃতিতে গেঁথে থাকবে। তবে ওকে সত্যিকার অর্থে যা বিশেষ করে তুলেছে, তা হলো চেন্নাইয়ের সঙ্গে ওর একাত্ম হয়ে যাওয়া। ও এই শহরকে আপন করে নিয়েছে, আর শহরটিও ওকে নিজেদের একজন হিসেবে বরণ করে নিয়েছে।”
মাঠের ধোনিকে মিস করলেও ডাগআউটে তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস বিশ্বনাথনের।
আমরা যখন পেছনে ফিরে তাকাব, ট্রফিগুলোর কথা যেমন মনে পড়বে, তেমনি মনে পড়বে আমরা কীভাবে সেগুলো জিতেছি। সেটিই ওর আসল উত্তরাধিকার। মাঠে হলুদ জার্সিতে ওকে আমরা মিস করব ঠিকই, তবে ও যে আমাদের ক্রিকেটারদের পথ দেখিয়ে যাবে, এতে আমরা আনন্দিত। এই বন্ধন আগামী বছরগুলোতেও দলকে গড়ে তুলতে সাহায্য করবে বলে যোগ করে তিনি।
আইপিএল ক্যারিয়ারে ২৭৮ ম্যাচ খেলে ২৪২ ইনিংসে ৩৮.৩০ গড় ও ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ৫ হাজার ৪৩৯ রান করেছেন ধোনি। কোনো সেঞ্চুরি না থাকলে ফিফটি করেছেন ২৪টি। ৩৭৫ চারের সঙ্গে তিনি ছক্কা মেরেছেন ২৬৪টি।










