সিল্কসিটিনিউজ ডেস্ক:
মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। উপকূলীয় শহর আকাপুলকোতে সাংবাদিক এদুয়ার্দো ফ্লোরেসের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
রয়টার্সের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি, সামাজিক সমস্যা ও নিখোঁজ ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন তৈরি করতেন নিহত সাংবাদিক এদুয়ার্দো ফ্লোরেসের। তার হত্যাকাণ্ড দেশটিতে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা।

সাংবাদিক এদুয়ার্দো ফ্লোরেসের কর্মস্থল ‘এনফোক ইনফরমাতিভো’ জানিয়েছে, শনিবার রাতে দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো অঙ্গরাজ্যের জনপ্রিয় পর্যটন শহর আকাপুলকোর উপকণ্ঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, ‘এই হামলায় শুধু একজন সহকর্মী, বন্ধু ও মূল্যবান মানুষকেই হারাতে হয়নি, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপরও সরাসরি আঘাত।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘তারা আমাদের কণ্ঠরোধ করতে পারবে না। এদুয়ার্দো ফ্লোরেস সালাদোর মতো আমরাও দৃঢ়তা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে সংবাদ পরিবেশন চালিয়ে যাব।’ এ ছাড়া অপরাধীদের বিচারের আওতায় আনতে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য রাষ্ট্রীয় কৌঁসুলিদের প্রতি আহ্বান জানিয়েছে সংবাদমাধ্যমটি।
গুয়েরেরো অঙ্গরাজ্যের সরকারি কৌঁসুলির কার্যালয় ফ্লোরেস হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে তাকে কীভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের কথাও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
ফ্লোরেসের আগে সাংবাদিক রোক্সানা গুজমানও হত্যাকাণ্ডের শিকার হন। তিনি ভেরাক্রুজের অপরাধবিষয়ক সংবাদমাধ্যম ‘পুলসো ইনফরমাতিভো দেল সুয়েস্তে’ পরিচালনা করতেন।
গত ২ জুন অপহৃত হওয়ার আগে তিনি একটি ভিডিও ধারণ করেছিলেন।
এতে মুখোশধারী কয়েকজন ব্যক্তিকে তার বাড়ির সামনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অপহরণের প্রায় এক মাস পর তার দেহাবশেষ উদ্ধার করা হয়।
সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর তালিকায় নিয়মিতভাবেই ওপরের দিকে থাকে মেক্সিকো। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘আর্টিকেল ১৯’-এর তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে দেশটিতে সাংবাদিকদের ওপর ১৮১টি হামলার ঘটনা ঘটেছে।
এসব হামলার অনেকগুলোই ঘটেছে এমন সব অঙ্গরাজ্যে, যেখানে সংগঠিত অপরাধী চক্রের শক্তিশালী প্রভাব রয়েছে। শুধু ২০২৬ সালের প্রথম সাত মাসেই সাংবাদিকদের ওপর ছয়টি হামলার ঘটনা ঘটেছে।
সাংবাদিকদের এসব হত্যাকাণ্ডের বেশির ভাগ ঘটনারই রহস্য উদ্ঘাটন হয় না। গত বছর সাংবাদিকদের কাজের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর তালিকায় গাজার পরই মেক্সিকোর অবস্থান ছিল বলে জানিয়েছে ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’।










