সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

জাতীয় নিরাপত্তার উদ্বেগে টেলিগ্রাম বন্ধের সিদ্ধান্ত জর্দানের

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
জাতীয় নিরাপত্তার উদ্বেগে টেলিগ্রাম বন্ধের সিদ্ধান্ত জর্দানের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রাম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জর্দান। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

জর্দানের জননিরাপত্তা অধিদপ্তর জানিয়েছে, উগ্রবাদ ও চরমপন্থা ছড়ানোর চেষ্টা থেকে সমাজকে সুরক্ষিত রাখতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সামাজিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত মাসে জর্দানে একটি গির্জায় বিরল হামলায় ৯ জন নিহত হওয়ার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। ওই হামলার জেরে প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলা চালায় জর্দান।

দেশটির দাবি, ওই হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ২০ সদস্য নিহত হন। হামলায় জড়িত তিন ব্যক্তিকে রবিবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর রাজধানী আম্মানে ছুরিকাঘাতের এক ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে জর্দান। ওই ঘটনায় দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং আরেকজন আহত হন।

মধ্যপ্রাচ্যের তুলনামূলক স্থিতিশীল দেশ হিসেবে পরিচিত জর্দান উগ্রবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগী। অতীতেও দেশটির নিরাপত্তা বাহিনী ইসলামপন্থী জঙ্গিদের একাধিক পরিকল্পনা নস্যাৎ করেছে। এর মধ্যে ইসলামিক স্টেটের সমর্থকদের জড়িত থাকার সন্দেহে কয়েকটি ষড়যন্ত্রও ছিল।

রাশিয়ার নির্বাসিত নাগরিক পাভেল দুরভের তৈরি টেলিগ্রাম দীর্ঘদিন ধরে ইসলামিক স্টেটের সদস্যদের বিবৃতি প্রচারের কাজে ব্যবহৃত হয়ে আসছে। তবে জর্দানে অ্যাপটি বন্ধের সিদ্ধান্তের বিষয়ে টেলিগ্রাম তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

উল্লেখ্য, টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ বিভিন্ন দেশে তদন্তের মুখেও রয়েছেন। গত জুলাইয়ে রাশিয়া তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে মামলা করার কথা জানায়। রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের গুপ্তচরেরা দেশটির ভেতরে হামলার পরিকল্পনা ও সমন্বয়ে টেলিগ্রাম ব্যবহার করেছে। তবে দুরভ এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, অপরাধ দমন ও কনটেন্ট নিয়ন্ত্রণে সহযোগিতার ক্ষেত্রে টেলিগ্রাম প্রয়োজনীয় পদক্ষেপের চেয়েও বেশি করেছে।