সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন আরব সংসদ সদস্য ও তা’আল পার্টির চেয়ারম্যান আহমেদ তিবি। এই নির্বাচনকে ‘জয়েন্ট লিস্ট’ জোটের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ডানপন্থী ইয়িসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদোর লিবারম্যান পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।
আহমেদ তিবি বলেন, ১১টি আসন পাওয়া জয়েন্ট লিস্টের জন্য ডেপুটি স্পিকারের পদটি ন্যায্য অর্জন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির তার নির্বাচন ঠেকানোর চেষ্টা করেছিলেন। তবে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে।

তিবি আরো জানান, পার্লামেন্টের প্রতিটি কমিটিতে জয়েন্ট লিস্টের প্রতিনিধিত্ব থাকবে। ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) গত মাসের নির্বাচনে মোট ১৯টি আসন পেয়েছে।
চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলে জোটটি তাকে সমর্থন জানায়।
নেতানিয়াহুর বিরুদ্ধে ফৌজদারি তদন্তের আহ্বান তিবির
রবিবার আহমেদ তিবি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের আহ্বান জানিয়েছেন।
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি তাদের বিরুদ্ধে ‘মাফিয়া-সুলভ আচরণের’ অভিযোগ আনেন।
ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, ২৭ অক্টোবর অনুষ্ঠিত নেসেট নির্বাচনের আগে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করেন। তিনি অভিযোগ করেন, দক্ষিণ ইসরায়েলে ‘রা’আম’ দলের তিনজন কর্মী বিপুল পরিমাণ নগদ অর্থ ও ভাউচার বহন করছেন, যা ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে।
এরপর পুলিশ ওই কর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এক কর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযোগ রয়েছে, কোনো বৈধ তল্লাশি বা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাদের আটক করা হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আহমেদ তিবি বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়, এমনকি নেতানিয়াহুও নন।’ এ ঘটনায় তিনি ফৌজদারি তদন্তের দাবি জানান।
১৯৯৯ সালে প্রথমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য নির্বাচিত হন আহমেদ তিবি। এর আগে ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।










