লালপুর (নাটোর) প্রতিনিধি:
‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মো. মেশকাতুল ইসলাম।
সভায় সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. আব্দুল্লাহ এবং উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মো. ফয়জুল কবীর প্রমুখ।
বক্তারা দেশের সার্বিক উন্নয়ন ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সমবায় আন্দোলনকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।








