জাতীয়

মোহনগঞ্জে হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসন পুড়ে গেছে।

তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে ট্রেনটির ‘ঢ’ নম্বর বগিতে এ ঘটনা ঘটে।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে হাওড় এক্সপ্রেস।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর বগিতে ধোঁয়া দেখতে পান রেলের কর্মীরা। পরে বগির ভেতরে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগু

ন নিয়ন্ত্রণে আনেন তারা। আগুনে বগিটির ৪, ৫, ১০ ও ১১ নম্বর আসন পুড়ে যায়।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জহিরুল ইসলাম জানান, ঘটনার সময় স্টেশনে দায়িত্বে ছিলেন স্টেশনমাস্টার এ এন এম নুরুল আমিন চৌধুরী। তিনি স্টেশনে থাকা লোকজন ও পাশের মসজিদের মুসল্লিদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে চারটি আসন পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেনের সময়সূচিও ঠিক ছিল।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোবারক হোসেন বলেন, ‘ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি।

জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’