জাতীয়

তানোর উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে আগুন

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর তানোর উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে।মানচিত্র দেখুন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। একতলা একটি ভবনের দোকানঘরে কার্যালয়টি স্থাপন করা হয়েছিল। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হিসেবে দলীয় কার্যালয়টি পুড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, কলমা ইউনিয়নে তাঁদের কয়েকটি দলীয় কার্যালয় রয়েছে। এর মধ্যে আজিজপুরের কার্যালয়টি সবচেয়ে বড় হওয়ায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শেষরাতের দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।