আন্তর্জাতিক

বন্ধুর মেয়েকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যাত হয়ে কারখানায় আত্মহনন ব্যক্তির

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের রাজধানী দিল্লির ওয়াজিরপুর শিল্পাঞ্চলের একটি বাসনপত্রের কারখানায় গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন সন্দীপ (৪৭) নামের এক বিবাহিত ব্যক্তি। পুলিশের ধারণা, এক তরুণীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ভেঙে যাওয়ার হতাশা থেকেই তিনি এই চরম পথ বেছে নেন।

পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশের সন্ত কবির নগরের বাসিন্দা সন্দীপ স্ত্রী ও দুই সন্তানকে রেখেই দিল্লিতে আসেন। এনডিটিভি জানিয়েছে, ওয়াজিরপুর শিল্পাঞ্চলের একটি কারখানায় কর্মরত ২০ বছর বয়সী এক তরুণীর বাবার সঙ্গে তার বন্ধুত্ব ছিল। সেই সুবাদে প্রায়ই বন্ধুর বাড়িতে যাতায়াত করতেন সন্দীপ এবং এক পর্যায়ে বন্ধুর মেয়ের প্রতি আকৃষ্ট হন। নিয়মিত ফোনে কথা বললেও কিছুদিন ধরে ওই নারী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

এতে মানসিকভাবে ভেঙে পড়ে সন্দীপ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিল্লি চলে আসেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুটি পেট্রলভরা বোতল নিয়ে সোজা ওই নারীর কর্মস্থলে হাজির হন সন্দীপ এবং তাকে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যাত হলে তিনি নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। কারখানা শ্রমিকরা দ্রুত আগুন নিভিয়ে তাকে দীপ চাঁদ বন্ধু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, যেখানে সন্দীপ তার আত্মহত্যার জন্য ওই তরুণীর সঙ্গে বিচ্ছেদকে দায়ী করেছেন। তবে ওই নারী সন্দীপের সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ, চলতি সপ্তাহের শুরুতে কানপুরেও অনুরূপ আরেকটি ঘটনায় বিবাহিত প্রেমিকার বাড়িতে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।