সিল্কসিটিনিউজ ডেস্ক:
খাগড়াছড়িতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক মো. যুবরাজ।
আজ শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে শহরের মহাজন পাড়ার সড়কের পাশে এ ঘটনা ঘটে।
বাসচালক মো. যুবরাজ জানান, ঘটনার সময় তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে গেলে বাসে আগুন জ্বলতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করেন।

দুর্বৃত্তরা একই লাইনে দাঁড়িয়ে থাকা আরেকটি বিআরটিসি বাসেও পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তবে সেটিতে আগুন ধরাতে পারেনি। পরে আজ সকাল সোয়া ৭টায় তা যথারীতি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।
টিকেট মাস্টার বিদ্যুৎ জ্যোতি চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মামলা করা হবে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
এদিকে এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। তিনি বলেন, ‘এটা আওয়ামী লীগ সন্ত্রাসীদেরই কাজ।
তবে তাদের পেছনে রসদ জুগিয়েছে সারা দেশে যারা মব সৃষ্টি করছে তারাই।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।









