রাজশাহী

রাজশাহীত জমি দখল, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২৬৩ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, বাড়িঘর ভাঙচুর, মালামাল লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগে মোস্তা ফিজুর রহমান জিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মা ও মেয়ে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী লিমা লিখিত বক্তব্য পাঠ করে তাঁদের পরিবারের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে লিমা জানান, রাজশাহী মহানগরীর ৯ নম্বর ওয়ার্ডের বসুয়া এলাকায় কেন্দ্রীয় জামে মসজিদের পেছনে তাঁদের বসতবাড়ি। সেখানে তাঁরা দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছেন। তাঁর অভিযোগ, মোস্তা ফিজুর রহমান জিয়া ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে তাঁদের জমি দখলের চেষ্টা করে আসছেন।

লিমা অভিযোগ করেন, জমি দখলের চেষ্টার প্রতিবাদ করায় মোস্তা ফিজুর রহমান জিয়া, দেওয়ান ও আফতাব হাবিব খোকনসহ কয়েকজন তাঁদের মারধর করেন। এ সময় হত্যার উদ্দেশ্যে মাথায় শাবল দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। এ ঘটনায় তাঁরা একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ওই মামলার জের ধরে শুক্রবার তাঁদের বাড়িঘর ভাঙচুর করা হয়। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিমার মা বলেন, তাঁরা যে জমিতে বসবাস করছেন, তার পরিমাণ আনুমানিক এক কাঠার কিছু বেশি। জমির বৈধ কাগজপত্র তাঁদের কাছে রয়েছে। এরপরও জিয়া ও তাঁর সহযোগীরা তাঁদের ওপর হামলা, মারধর ও বাড়িঘর ভাঙচুর করছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এসব ঘটনার প্রতিকার চেয়ে বিভিন্ন জায়গায় গিয়েও তাঁরা বিচার পাননি। বাধ্য হয়ে গণমাধ্যমের সহযোগিতা নিতে সংবাদ সম্মেলন করছেন। সাংবাদিকদের সরেজমিনে তদন্ত করে এলাকাবাসীর সঙ্গে কথা বলার আহ্বান জানান তিনি। এ সময় এলাকায় মাদক, নারী নির্যাতন, জমি দখল ও জুয়ার আসর পরিচালনার অভিযোগও তুলে ধরেন। তবে ভয়ে এলাকাবাসী এসব বিষয়ে মুখ খুলতে চান না বলে দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে মোস্তা ফিজুর রহমান জিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিটি নিয়ে মামলা চলমান রয়েছে এবং এটি গোরস্তানের জমি। অভিযোগকারীরা যেসব ঘটনার কথা বলেছেন, সেগুলোর সঙ্গে তিনি জড়িত নন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মা ও মেয়ে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জোরপূর্বক জমি দখলের চেষ্টা বন্ধ, লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধারের ব্যবস্থা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান ভুক্তভোগীরা।