নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে যৌথ অভিযান চালিয়ে একটি একনলা কাটা বন্দুক, একটি ২২ বোরের এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদের দুটি রিকলও পাওয়া গেছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বাঘা উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের চরাঞ্চলে এ অভিযান শুরু করে শেষ হয় সন্ধ্যায়।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ টি এম মাইনুল ইসলামের নেতৃত্বে অভিযানে জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), আরআরএফ ও নৌ-পুলিশ অংশ নেয়। পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের মো. আমজাদ হোসেনের কলাবাগান থেকে একটি ২২ বোরের এয়ারগান উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশে একটি খেজুরবাগান থেকে একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়। এছাড়া গড়গড়ি ইউনিয়নের চাঁনপুর গ্রামের রুহুল আমিনের বসতবাড়ির পাশ থেকে পাঁচটি ধারালো হাসুয়া ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদের দুটি রিকল পাওয়া গেছে। যৌথ অভিযান অব্যাহত রয়েছে।










