সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলার শিকার ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে চিকিৎসা দেওয়ার সময় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল এবং তার নাড়ির স্পন্দন বা পালস রেট খুব কমে গিয়েছিল—ওই ঘটনার স্মৃতিচারণ করে এমন তথ্য জানিয়েছেন দন্তচিকিৎসক ডা. শোটা মুসায়েভ। তিনি ওই ফ্লাইটের যাত্রী ছিলেন এবং হামলার পর পাইলটকে প্রাথমিক চিকিৎসা দেওয়ায় সহায়তা করেন।
চীনের সফর শেষে স্ত্রীকে নিয়ে তেল আবিব ফিরছিলেন জর্জীয় বংশোদ্ভূত ইসরায়েলি এই চিকিৎসক। এনডিটিভি বলছে, ফ্লাইটের প্রায় আড়াই ঘণ্টা পর ককপিটে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলে তিনি সেখানে ছুটে যান। ককপিটের কাছে গিয়ে মেঝেতে পাইলট স্মিতকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।

মুসায়েভ জানান, পাইলটের হাত ও মাথায় গভীর ক্ষত ছিল।
প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অন্য যাত্রীরা নিরাপদে আছেন নিশ্চিত হওয়ার পর তিনি স্মিতের চিকিৎসায় মন দেন।
তিনি বলেন, ‘পাইলটের নাড়ির স্পন্দন একপর্যায়ে খুব কমে যায়। তখন তিনি অন্য যাত্রীদের সহায়তায় স্মিতের পা উঁচু করে দেন।
এরপর তার নাড়ির স্পন্দন আবার স্বাভাবিক হতে শুরু করে।’
মুসায়েভের ভাষ্য, ‘সৌদি আরবে সময়মতো উড়োজাহাজটি অবতরণ না করলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পাইলটকে বাঁচানো কঠিন হয়ে পড়তে পারত। রক্তপাত কমাতে তিনি স্মিতের ক্ষতস্থানে বরফ চেপে ধরেছিলেন।’
পাইলটকে সচেতন রাখতেও কথা বলতে থাকেন মুসায়েভ। স্মিত তাকে জানান, মাথা ও হাতে ব্যথা করছে এবং তিনি বাঁচতে চান ও পরিবারের কাছে ফিরতে চান।
তিনি আরও জানান, তার বয়স ৩৯ বছর, দুই সন্তান রয়েছে এবং তিনি দুবাইয়ে থাকেন।
এমন পরিস্থিতিতে রোগীকে কথা বলিয়ে সচেতন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলেও জানান এই চিকিৎসক। সৌদি আরবের তাবুক বিমানবন্দরে অবতরণের পর সৌদি স্বাস্থ্যকর্মীদের কাছে তিনি পাইলটের চিকিৎসার দায়িত্ব তুলে দেন।
প্রসঙ্গত, গত সপ্তাহে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে ওমানি কো-পাইলট হামাম আল-হামামি ককপিটে পাইলট স্মিত মাচ্ছারকে হামলা করেন। এরপর পাইলট আহত অবস্থায় ককপিটের দরজা খুলে যাত্রীদের বিপদের কথা জানান। পরে কয়েকজন যাত্রী এবং ফ্লাইটে থাকা দায়িত্বের বাইরে থাকা দুই পাইলট মিলে কো-পাইলটকে কাবু করেন। তাকে হাত বেঁধে আটকে রাখা হয় এবং পরে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
স্মিত ও যাত্রী ইয়ানিভ হায়ুনকে এ ঘটনার নায়ক হিসেবে উল্লেখ করেন মুসায়েভ। তিনি বলেন, ওই ফ্লাইটের সব যাত্রীর মধ্যে ঘটনাটির পর গভীর এক বন্ধন তৈরি হয়েছে। তার ভাষায়, ‘এখন আমরা একটি বড় পরিবারের মতো।’









