সিল্কসিটিনিউজ ডেস্ক:
জনগণকে স্বাস্থ্য ও পুষ্টিকর খাদ্যতালিকা সরবরাহ করতে ব্যর্থ পাকিস্তান। যার ফলে দেশটিতে পুষ্টির সংকট আরো তীব্র আকার ধারণ করেছে।
ডনের প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়, পাকিস্তানের খাদ্য ব্যবস্থার জরুরি পুনর্গঠন প্রয়োজন। দেশটির ৬০ শতাংশের বেশি মানুষ স্বাস্থ্যকর খাবার ক্রয়ের সামর্থ্য হারিয়েছেন। পুষ্টিকর খাবারের ঘাটতির পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।

ডনের প্রতিবেদন অনুযায়ী, এফএওয়ের এক গবেষণায় উঠে এসেছে, মানুষের সুস্থ থাকার জন্য প্রতিদিন যে পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়া দরকার, পাকিস্তানে সেই তুলনায় সঠিক খাবার পাওয়া যাচ্ছে না।
সরকারি পুষ্টি নির্দেশিকায় যে ধরনের খাবারের কথা বলা হয়েছে, দেশের বর্তমান খাদ্যব্যবস্থার সঙ্গে তার বড় ধরনের অমিল বা ঘাটতি রয়েছে।
জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানে পুষ্টিকর খাবারের অভাবে মানুষ যেমন অপুষ্টিতে ভুগছে, তেমনি অতিরিক্ত অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে ডায়াবেটিস ও হৃদরোগের মতো মারাত্মক রোগও দিন দিন বাড়ছে।
মানুষের কাছে পুষ্টিকর খাবার সহজে পৌঁছে দিতে এফএও সরকারকে বিশেষ কিছু নিয়ম চালু করার পরামর্শ দিয়েছে, যার মধ্যে রয়েছে দেশের পুষ্টি নির্দেশিকা নতুন করে তৈরি করা। পুষ্টিকর খাবার খাওয়ার উপকারিতা সম্পর্কে শিক্ষা ও প্রচারণা বাড়ানো।
এর পাশাপাশি সংস্থাটি কোক-ফ্যান্টার মতো মিষ্টি পানীয় এবং অতিরিক্ত চিনি, লবণ ও ক্ষতিকর চর্বিযুক্ত খাবারের ওপর বাড়তি কর (ট্যাক্স) বসানোর পাশাপাশি প্রক্রিয়াজাত খাবারের প্যাকেটে পুষ্টির তথ্য বা সতর্ক লেবেল লাগানোর সুপারিশ করেছে। যাতে ক্রেতারা সহজেই খাবারের গুণাগুণ বুঝতে পারেন।
সংস্থাটি অস্বাস্থ্যকর খাবারের বিপণনের ওপর, বিশেষ করে শিশুদের জন্য তৈরি পণ্যের ওপর, আরো কঠোর বিধিনিষেধ আরোপের সুপারিশ করেছে। পুষ্টিকর স্কুল খাবার কর্মসূচি সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো শক্তিশালী করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। যাতে দুর্বল জনগোষ্ঠী স্বাস্থ্যকর খাবার ক্রয় করতে পারে।
খাবার পচে নষ্ট হওয়া রোধ করতে এবং বাজারে ক্রেতাদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করতে এফএও ফল-মূল ও শাকসবজি সংরক্ষণে হিমাগারের ব্যবস্থা, আধুনিক বাজার অবকাঠামো গড়ে তোলার সুপারিশ করেছে।









