সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভারতের রাজস্থানের রাণথাম্বোর জাতীয় উদ্যানজুড়ে প্রতিদিনের মতোই চলছিল পর্যটকদের সাফারি। তবে বনের ধুলোমাখা মেঠো পথের এক জায়গায় গিয়ে হুট করেই থেমে গেল সারিবদ্ধ জিপগুলো।
কোনো যান্ত্রিক গোলযোগ নয়, জিপ থামার কারণ—রাস্তার একদম মাঝখানে ধীরস্থিরে শুয়ে পড়েছে একটি পূর্ণবয়স্ক বাঘ।
এলেনা নামের এক বিদেশি পর্যটক রাণথাম্বোরের এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। ভিডিওটিতে দেখা যায়, রাস্তার দুই পাশে প্রায় ৩০টি জিপে শান্ত হয়ে বসে আছেন পর্যটকরা। কারো হাতে ক্যামেরা, কারো মুখে ফিসফিসানি।

কিন্তু প্রায় ২০০ কেজি ওজনের ওই বিশাল বিড়ালজাতীয় প্রাণীটির সেদিকে খেয়ালই নেই। সে নিশ্চিন্তে রাস্তার ধুলায় গা এলিয়ে ঘুম দিচ্ছে। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বাঘটি ধীরে ধীরে উঠে দাঁড়ায়। অবলীলায় পোষা বিড়ালের মতো শরীরটা একটু আড়মোড়া ভেঙে আবার গভীর জঙ্গলের দিকে হাঁটা শুরু করে।
বাঘটির এমন নির্ভার চলে যাওয়া নীরবেই উপভোগ করেন পর্যটকরা।
ভিডিওটির ক্যাপশনে এলেনা লিখেছেন, ‘ভারতের চিরায়ত যানজট, তবে এবার বাঘের কারণে।’ রাণথাম্বোরে এটি তাদের দেখা তৃতীয় বাঘ উল্লেখ করে তিনি জানান, বাঘটি কিছুক্ষণ জ্যাম তৈরি করে নিজের মতো করে জঙ্গলে মিলিয়ে গেল।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছয় লাখের বেশি মানুষ দেখেছে। নেটিজেনরা বাঘটির এমন আচরণ নিয়ে মজার সব মন্তব্য করেছেন।
কমেন্টবক্সে একজন লেখেন, ‘বাঘটি হয়তো বোঝাতে চেয়েছিল রাস্তাটি তার।’ অন্য একজন রসিকতা করে এটিকে ‘কমলা বিড়ালের স্বাভাবিক আচরণ’ বলে মন্তব্য করেছেন।









