বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় রান্না ঘরের মাটির দেওয়াল পড়ে রিয়াদ মীর (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গণিপুর ইউনিয়নের খালিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ মীর উপজেলার খালিমপুর গ্রামের লালন মীরের সন্তান। একমাত্র সন্তানকে হারিয়ে শোক ও আহাজারিতে ভেঙে পড়েছেন তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা।
নিহতের স্বজনরা জানায়-সকালে রান্নাঘরের পাশে দাঁড়িয়ে শিশুটি। এসময় হঠাৎ প্রাচীরের একটি অংশ ভেঙে শিশুটির ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় রিয়াদ। পরে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরে স্বাজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা বলছেন- রাতভর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির কারণে ওই রান্না ঘরের মাটির দেওয়ালের নিচের অংশ ভিজে যাওয়ার কারণে ভেঙে পড়ে গিয়েছে। আর এই মাটির দেওয়ালের নিচে শিশুটি চাপা পড়ে মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, শিশু মৃত্যুর খবরে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।










