আইন আদালত

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৬ জন কারাগারে

নিউজ ডেস্ক২ জুন ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে রাজধানীর ধানমণ্ডি থানায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ ওরফে মধু, কালীগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি মো. স্বাধীন ইসলাম, দৌলতপুর আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইফতেখার আহমেদ সবুজ, পটুয়াখালী যুবলীগের সদস্য খোকন ফরাজী এবং মনপুরা থানা যুবলীগের সক্রিয় সদস্য মাকসুদুর রহমান বাবলু।

মঙ্গলবার গ্রেপ্তার ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধানমণ্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান আসামিদের কারাগারে আটকে রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ধানমণ্ডির তাকওয়া মসজিদে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজায় অংশ নেওয়ার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের প্রায় ২০০ নেতাকর্মী সমবেত হন। জানাজা শেষে তোফায়েল আহমেদের মরদেহ মসজিদ থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তোলার সময় তারা ‘জয় বাংলা’ ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করেন।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ওই ছয়জনকে গ্রেপ্তার করে এবং বাকিরা পালিয়ে যান।
এ ঘটনায় তাদের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর ধানমণ্ডি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন এসআই মিঠুন সিংহ।