সিল্কসিটিনিউজ ডেস্ক :
ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকদের জন্য আনা ডিজেল তেল বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এতে এলাকাজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
এদিকে মঙ্গলবার (৭ এপ্রিল) সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তার (ব্লক সুপার ভাইজার) মাধ্যমে তেল বিতরণ শুরু করেছেন।

সূত্র জানায়, বোয়ালমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্যা ও সাবেক সংসদ সদস্য খন্দোকার নাসিরুল ইসলাম নাসিরের সহযোগিতায় মেঘনা ডিপো থেকে কৃষি সেচের জন্য ডিজেল সংগ্রহ করা হয়। সোমবার রাতে ওই ডিজেল বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভায় সরকারি ব্যবস্থাপনায় বিতরণের জন্য আনা হয়। প্রতিটি ইউনিয়নের জন্য প্রায় ২ হাজার লিটার করে ডিজেল বরাদ্দ রাখা হয়, যা কার্ডধারী প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণের কথা ছিল।
তবে বিতরণ কার্যক্রম শুরুর আগেই সাতৈর ইউনিয়নে তেল নামানোকে কেন্দ্র করে জটিলতা সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত উপেক্ষা করে তেলের গাড়ি নির্ধারিত স্থান পরিবর্তন করে অন্যত্র নামানো হয়েছে। এতে স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিএনপি নেতা ও সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু অভিযোগ করে বলেন, উপজেলা প্রশাসনের উপস্থিতিতে সকল ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে সমানভাবে তেল বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে তেলের গাড়ি ব্যক্তিগত পছন্দের একটি দোকান ও বাড়ির সামনে নামানো হয়। পরে তিনি প্রশাসনের সহায়তায় তেল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করেন। তিনি দাবি করেন, একটি মহল তেল আত্মসাৎ করার চেষ্টা করেছিল।
অন্যদিকে, বোয়ালমারী উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ মাও. সাজ্জাদ হোসেন বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট দোকানের মাধ্যমে তেল বিতরণের উদ্যোগ ছিল। কিন্তু যোগাযোগ সমস্যার কারণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্ধারিত কিছু দোকানে তেল নামিয়ে দেন।
পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় তেল ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করেন, বিষয়টি রাজনৈতিকভাবে বড় করে দেখা হচ্ছে।
এদিকে, বোয়ালমারী যুব বিভাগের সভাপতি মুসফিকুর রহমান জানান, ইউনিয়নভিত্তিক এক বা দুটি নির্দিষ্ট দোকানের মাধ্যমে ডিজেল বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে সাতৈর ইউনিয়নে তথ্য সঠিকভাবে না পৌঁছানোর কারণে সমন্বয়হীনতা তৈরি হয়ে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় এলাকায় উত্তেজনা তৈরি হলেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ডিজেল সুষ্ঠুভাবে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, উপসচিবের অনুমোদনের মাধ্যমে কৃষকদের জন্য ডিজেল আনা হয়েছে এবং এটি শুধু প্রকৃত কৃষকদের মাঝেই বিতরণ করা হবে। একটি ভুল বোঝাবুঝির কারণে পরিস্থিতির সৃষ্টি হলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার দুপুর ৩টা থেকে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কার্ডধারী কৃষকদের মাঝে ডিজেল বিতরণ শুরু হয়েছে।
কৃষি মৌসুমে সেচ কার্যক্রম সচল রাখতে ডিজেল সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কৃষকদের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ ধরনের উদ্যোগের সফলতা নিশ্চিত করা সম্ভব।









