সিল্কসিটিনিউজ ডেস্ক:
১৬৯ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ‘ইসাইয়াস’। শুক্রবার ক্যাটাগরি ২ ঝড় হিসেবে এটি ফ্লোরিডা ও অ্যালাবামার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায়।
ঝড়ের কারণে প্রবল বাতাস, ভারি বৃষ্টি ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেনটি ফ্লোরিডার ডেস্টিনের কাছে আঘাত হানে। তখন এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৯ কিলোমিটার। উপকূলে আঘাত হানার আগেই ঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়ে।

শনিবার ভোরে বাতাসের গতি আরো কমে যাওয়ায় এটিকে আর হারিকেন হিসেবে বিবেচনা করা হচ্ছিল না।
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঝড়ের কারণে পুরো অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এ সময় তিনি মানুষকে রাস্তায় বের না হওয়ার পরামর্শ দেন।
হারিকেনের শক্তিশালী বাতাস যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের নিচু এলাকায় আঘাত হেনেছে। সাদা বালির সৈকত, অবকাশযাপনের বাড়ি, সমুদ্রতীরের বার ও সামুদ্রিক খাবারের দোকানের জন্য পরিচিত এসব এলাকায় ঝড়ের প্রভাব পড়েছে।
আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন, এই ঝড়ের কারণে ফ্লোরিডার প্যানহ্যান্ডেল ও দক্ষিণ জর্জিয়ার বিভিন্ন এলাকায় টর্নেডোও হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হারিকেন ইসাইয়াসের পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। শুক্রবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ঝড়টি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে।
এদিকে, ঝড়ের প্রভাবে ফ্লোরিডার ডেস্টিনের রাস্তাঘাট প্লাবিত হয়েছে। পাশের পেনসাকোলা শহরের রাস্তায় গাছপালা ও বিভিন্ন ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। এ কারণে পুলিশ বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপড়ে পড়া গাছ ও বিদ্যুতের তারের ছবি প্রকাশ করেছেন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পেনসাকোলার একটি সরাইখানার ছাদ উড়ে যেতেও দেখা গেছে।
ঝড়ের কারণে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ায় ফ্লোরিডার প্যানহ্যান্ডেল এলাকার কয়েকটি কাউন্টিতে শুক্রবার রাতে সাময়িকভাবে জরুরি পরিষেবা বন্ধ রাখা হয়।
দক্ষিণ আলাবামার কয়েকটি এলাকাও প্লাবিত হয়েছে। মোবাইল শহরের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ে গাছ ও বিদ্যুতের তার ভেঙে রাস্তায় পড়েছে। একই কারণে রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের হিউস্টন কাউন্টির কয়েকটি সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভ্রাটের তথ্য প্রদানকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডটকমের তথ্য অনুযায়ী, শনিবার ভোরে ফ্লোরিডা ও আলাবামায় ৬ লাখ ৬৪ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।









