সিল্কসিটিনিউজ ডেস্ক:
জাতিসংঘে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং সন্ত্রাসী হাফিজ সাঈদের বিচার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তবে তিনি কোনো প্রশ্নেরই জবাব না দিয়ে সাংবাদিকদের এড়িয়ে যান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার শেহবাজ শরিফ যখন জাতিসংঘ সদর দফতরে প্রবেশ করছিলেন, তখন সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘প্রধানমন্ত্রী, আপনারা কবে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ করবেন?’

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই প্রশ্নের কোনো উত্তর দেননি। পরবর্তীতে জাতিসংঘ সদর দপ্তর থেকে বের হওয়ার সময় শরিফকে আবারও প্রশ্ন করা হয়, ‘আপনারা কবে লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাঈদকে বিচারের মুখোমুখি করবেন?’ এবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী উত্তর দিতে অস্বীকৃতি জানান।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোদার বাসিন্দা হাফিজ মুহাম্মদ সাঈদ একজন চিহ্নিত সন্ত্রাসী এবং নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা।
২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলা মামলার অন্যতম আসামি হিসেবে সাঈদ অভিযুক্ত।
সম্প্রতি ভারতের জাতীয় তদন্ত সংস্থা আরো অভিযোগ করেছে, ২০২৫ সালের ২২ এপ্রিল পাহলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছিল, তা পাকিস্তানের মাটিতে থাকা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্যদের দ্বারাই পরিচালিত হয়েছিল। এর সম্পূরক চার্জশিটে লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা এবং চিহ্নিত সন্ত্রাসী হাফিজ মুহাম্মদ সাঈদকে ৮ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই হামলার পেছনের বৃহত্তর ষড়যন্ত্রে তার জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
এর এক দিন আগে, ভারত জাতিসংঘে পাকিস্তানকে তীব্র ভাষায় তিরস্কার করে বলেছে, ইসলামাবাদের উচিত তাদের ভূখণ্ডগত উচ্চাকাঙ্ক্ষা লালন করা বা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে অর্থায়ন করার চেয়ে, বিদেশি আর্থিক সাহায্য নিয়ে টিকে থাকা ঋণগ্রস্ত অর্থনীতি পুনর্গঠনে নিজেদের শক্তি নিয়োগ করা।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে উত্তর দেওয়ার অধিকার প্রয়োগ করে ভারতীয় কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী পাকিস্তানের নজর ঘোরানোর কৌশলগুলো নস্যাৎ করে দেন। তিনি সাফ জানিয়ে দেন, পাকিস্তানের এই শত্রুভাবাপন্ন অবস্থান তাদের ভেঙে পড়া আর্থিক ব্যবস্থাকে উদ্ধার করতে কোনো কাজেই আসবে না।
পাকিস্তানের অগ্রাধিকারগুলো যে মৌলিকভাবেই ভুল জায়গায় রয়েছে তা উল্লেখ করে ক্ষিতিজ ত্যাগী মন্তব্য করেন, ‘অন্যের ভূখণ্ডের লোভ করা কিংবা সন্ত্রাসবাদ রপ্তানি করার চেয়ে উন্নয়নের দিকে মনোনিবেশ করলে পাকিস্তান তাদের জনগণের আরো ভালো সেবা করতে পারত।
কারণ এসব কর্মকাণ্ড বা কাউন্সিলে তাদের এই নাটকীয়তা—কোনোটিই সেই ঋণ পরিশোধে সাহায্য করবে না, যার ওপর ভর করে তাদের অর্থনীতি টিকে আছে।’









