সিল্কসিটিনিউজ ডেস্ক:
চলতি জানুয়ারি মাসের ৩০ তারিখে অনুষ্ঠেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছে মাঠের বিরোধী দল বিএনপি।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা আসন্ন ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠু হবে বলে আশ্বাস দিলেও বিএনপি তাতে আশ্বস্ত হতে পারছে না। এ অবিশ্বাস ও শঙ্কা কতটা যৌক্তিক তা আলোচনা করাই এ নিবন্ধের উদ্দেশ্য।

আসন্ন ঢাকা সিটি নির্বাচনে যেসব রাজনৈতিক দল মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে তারা হল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, মাঠে বিরোধী দল বিএনপি, প্রগতিশীল গণতান্ত্রিক দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণফ্রন্ট ও বাংলাদেশ কংগ্রেস।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলো এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলগুলো মেয়র পদে কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি। দুই সিটিতে দলীয় প্রার্থীর বাইরে মেয়র পদে কোনো স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
মেয়র পদে মনোনয়নপ্রাপ্ত ১৪ জন মেয়র প্রার্থীর মধ্যে রিটার্নিং অফিসার পর্যায়ে বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হয়েছে কেবল জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী জিএম কামরুল ইসলামের। আর ৪৫ কাউন্সিলরের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার পর্যায়ে বাছাইয়ে বাতিল হয়েছে।
এখন দেখা যাক আসন্ন ঢাকা সিটি নির্বাচন নিয়ে সরকারি দল আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপির নীতিনির্ধারকরা কী বলছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, নতুন বছরে গণতন্ত্রের জন্য ঢাকার দুই সিটি নির্বাচন হচ্ছে প্রথম চ্যালেঞ্জ।
অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সব দল সমান সুযোগ পাবে। সরকার একটি ভালো নির্বাচন করতে চায়। ফলাফল যাই হোক আওয়ামী লীগ তা মেনে নেবে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে বিএনপি পরিষ্কার করে বলেছে, বর্তমান নির্বাচন কমিশন, সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না এবং জনগণের যে রায় সেটি প্রতিফলিত হয় না। তারপরও বিএনপি যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করে, তাই তারা নির্বাচনে অংশ নিচ্ছে।
দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ঢাকার দুই সিটি নির্বাচন লোক দেখানো। নির্বাচন উপলক্ষে একদিকে গ্রেফতার আতঙ্ক, অন্যদিকে প্রচারণা। এ নির্বাচন গণতন্ত্রের প্রহসন ছাড়া কিছুই নয়।
বিএনপির অবিশ্বাস ও শঙ্কার পেছনে যে কারণগুলো রয়েছে তা হল-
গত ছয় বছরে জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোয় সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন : ক্ষমতাসীন আওয়ামী লীগের হস্তক্ষেপ এবং নির্বাচন কমিশনের দুর্বলতার কারণে গত ছয় বছর ধরে জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অধরা রয়ে গেছে।
বিশেষ করে ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি নির্বাচন, ২০১৯ সালে ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনে ৩৬টি নবগঠিত ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও ১২টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন এ ক্ষেত্রে বিশেষভাবে প্রণিধানযোগ্য।
২০১৫ সালের ২৮ এপ্রিলের নির্বাচন তৎকালীন আইন অনুযায়ী নির্দলীয়ভাবে অনুষ্ঠানের কথা থাকলেও ক্ষমতাসীন দলের হস্তক্ষেপে তা হতে পারেনি। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলসমর্থিত প্রার্থীদের অনুকূলে কাজ করতে দলীয় কর্মীদের নির্দেশ প্রদান করেন।
নির্বাচনী প্রচার শেষ হওয়ার দিন ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সন্ত্রাসী আখ্যায়িত করে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট না দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
ওই সময় পত্রপত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, সরকারের একজন সচিব তার অধীন একটি দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আচরণবিধি ভঙ্গ করে সিটি নির্বাচনে শাসক দল আওয়ামী লীগ সমর্থিত মেয়র ও কাউন্সিলরদের জন্য ভোট চান।
প্রশাসনের সহায়তাপুষ্ট আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে থেকে নির্বাচনী প্রচারণা চালালেও বিরোধী দলগুলো, বিশেষ করে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভাগ্যে সে সুবিধা জোটেনি।
এ নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল, বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটসমর্থিত প্রার্থীর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেয়া ইত্যাদি কারণে বিএনপি ও তার শরিক দলগুলো নির্বাচন প্রত্যাখান ও বর্জন করে।
তারা ছাড়াও নির্বাচন বর্জন করেন জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি সমর্থিত ডিএসসিসির মেয়র পদপ্রার্থী সাইফুদ্দিন মিলন, গণসংহতি আন্দোলনের মেয়র পদপ্রার্থী জোনায়েদ সাকি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মেয়র পদপ্রার্থী যথাক্রমে আবদুল্লাহ আল কাফী ও বজলুর রশীদ ফিরোজ। তাছাড়া নির্বাচন বর্জন করেন ডিএসসিসির স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী গোলাম মওলা রনি।
নির্বাচন-পরবর্তী দু’-তিন দিনের দৈনিকগুলোতে ক্ষমতাসীন দলের সহায়তায় নির্বাচনে সংঘটিত অনিয়ম নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। মানবাধিকার সংস্থা অধিকার এ সিটি নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যায়িত করে। জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুন এ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। একই অনুরোধ জানায় ইউরোপীয় ইউনিয়ন।
বাংলাদেশে অবস্থানকারী বিদেশি কূটনীতিকরা এ সিটি নির্বাচনে অনিয়মে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং সংঘটিত অনিয়মের অভিযোগ তদন্তের আহ্বান জানান।
আওয়ামী লীগ সরকার কর্তৃক ২০১২ সালে গঠিত কাজী রকিবউদ্দিন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন অভিযোগ তদন্তের পরিবর্তে হাতে সময় থাকা সত্ত্বেও নজিরবিহীন ক্ষিপ্রগতিতে এ সিটি নির্বাচনে জয়ী মেয়র ও কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশের ব্যবস্থা করে তদন্তের পথ বন্ধ করে দেয়। এ পরিপ্রেক্ষিতে ২৯ এপ্রিল ২০১৫ দেশের একটি দৈনিকের শিরোনাম ছিল, ‘জিতল আ’লীগ, হারল গণতন্ত্র’।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অভিযোগের প্রতিবাদে সংসদের বাইরে প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এবং বিএনপির ছায়ায় গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট গত বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএনসিসি মেয়রের শূন্য পদে এবং ডিএনসিসি ও ডিএসসিসিতে নবগঠিত ৩৬টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর এবং ১২টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে।
বহুদলীয় অংশগ্রহণমূলক না হওয়ায় এবং ভোটার উপস্থিতির হার খুব কম (৩১ দশমিক ৫ শতাংশ) হওয়ায় এ নির্বাচনকে ‘নাতিশীতোষ্ণ নির্বাচন’, ‘জনগণের আস্থা হারানোর নির্বাচন’, ‘নিরুত্তাপ নির্বাচন’ ইত্যাদি নামে অভিহিত করা হয়।
সেনাবাহিনী নিয়োগ না করার সিদ্ধান্ত : আসন্ন ঢাকা দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
এ দুই সিটি কর্পোরেশনের ২০১৫ সালের নির্বাচনে প্রথমে স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স হিসেবে সেনাবাহিনী নিয়োগের সিদ্ধান্ত নিলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে যায় নির্বাচন কমিশন। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের দু’দিন আগ থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত সেনাসদস্যদের সেনানিবাসের অভ্যন্তরে রিজার্ভ ফোর্স হিসেবে রাখা হয়। বলা হয়, শুধু রিটার্নিং অফিসারের অনুরোধে তারা পরিস্থিতি মোকাবেলা করবে।
সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে না রাখায় ওই সিটি নির্বাচনে যে অনিয়ম হয়েছিল, সে সময়ের গণমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে তার সংক্ষিপ্ত বর্ণনা উপরে দেয়া হয়েছে। আসন্ন নির্বাচনে সেনাবাহিনীকে মোটেই নিয়োগ না করার সিদ্ধান্তের ফলে এবারের নির্বাচনও সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় রয়েছে।
ইভিএম ব্যবহার : নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার প্রশ্নে বরাবর আপত্তি জানিয়ে আসছে বিএনপি। সম্প্রতি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে ঢাকা সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারে তাদের আপত্তির কারণ ব্যাখ্যা করেন।
তিনি বলেন, সিটি ভোট ইভিএমে গ্রহণ ভবিষ্যতে সরকার পরিবর্তনের যে কোনো নির্বাচন ‘প্রযুক্তির মাধ্যমে ভোটাধিকার হত্যার এক নিঃশব্দ প্রকল্প বাস্তবায়নের দুরভিসন্ধি মাত্র’। ইভিএমের বিরোধিতার কারণ তুলে ধরে তিনি বলেন, ‘প্রোগ্রামিংয়ে ভ্রান্তি, যান্ত্রিক ক্রুটি, বিদ্বেষাত্মক টেম্পারিং বা কারসাজি, কম্পিউটারভিত্তিক ভোট প্রদান যন্ত্রের অন্তর্নিহিত দুর্বলতা, উন্নত প্রযুক্তির মাধ্যমে ইভিএম নিয়ন্ত্রণের সুযোগ ও সম্ভাবনা এবং নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্তদের বিশেষ দলের পক্ষে নির্বাচনী ফলাফল পাইয়ে দেয়ার সুযোগ ইত্যাদিসহ নানা নেতিবাচক অভিজ্ঞতার কারণে নির্বাচনসংশ্লিষ্ট সব পক্ষই নির্বাচনে ইভিএমের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে।’
তিনি জানান, ২০১৭ সালে নির্বাচন কমিশনের আমন্ত্রণে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল স্বচ্ছ নির্বাচনের লক্ষ্য নিয়ে একটি সংলাপে অংশ নিয়েছিল, যার মধ্যে ২৩টি দল একাদশ সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে নিজেদের মতামত দিয়েছিল। বিএনপিসহ ১২টি দল সুস্পষ্টভাবে এই মেশিন ব্যবহারের বিপক্ষে মত প্রদান করে। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ৭টি দল বোধগম্য কারণে এই মেশিনের পক্ষে মত দেয়।
তিনি আরও বলেন, সবচেয়ে সফেস্টিকেটেড মেশিনেও যে কারচুপির সম্ভাবনা রয়েছে এবং রিমোট কনট্রোলে ভোট কারচুপি করা যেতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে।
সুশীল সমাজের মতামত : আসন্ন ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে সুশীল সমাজের অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলেছেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আগের নির্বাচন কমিশনের মতো বর্তমান কমিশনও ব্যর্থতার পরিচয় দিয়েছে।
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যাপক অনিয়মের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগটি হল নির্বাচনের আগের রাতে ক্ষমতাসীন দলের প্রার্থীদের অনুকূলে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা।
এ নির্বাচন কমিশনের আমলে একাদশ সংসদ নির্বাচনের আগে বা পরে যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেসব নির্বাচনের অধিকাংশ হয় সুষ্ঠু হয়নি অথবা অংশগ্রহণমূলক ছিল না। তাই তারা মনে করেন, আসন্ন ঢাকা সিটি নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার সম্ভাবনা কম।
উপর্যুক্ত কারণে আসন্ন ঢাকা সিটি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির শঙ্কা থাকা অযৌক্তিক নয়। আগের বদনাম কিছুটা দূর করতে সরকারকে যেমন আসন্ন ঢাকা সিটি নির্বাচনে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে, তেমনি নির্বাচন কমিশনকেও নিতে হবে শক্ত অবস্থান।
আবদুল লতিফ মন্ডল : সাবেক সচিব, কলাম লেখক
latifm43@gmail.com










