সিল্কসিটিনিউজ ডেস্ক :
জমিয়তের কেন্দ্রীয় নেতা ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মোস্তাক আহমেদ গাজীনগরী হত্যা মামলায় আব্দুল হাফিজ নামের দলীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ৩টার দিকে দিরাই থানা ও শাহপরান থানা পুলিশের যৌথ অভিযানে সিলেট শহরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাফিজ শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাহপুর গ্রামের আলিফ পাঠানের ছেলে। তিনি শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের মনোনয়নপ্রত্যাশী সৈয়দ তালহা আলমের ঘনিষ্ঠ সহচর।

নিহত মোস্তাক আহমদ গাজীনগরী এই আসনের অপর সম্ভাব্য প্রার্থী হাম্মাদ সাদী গাজীনগরীর সমর্থক ছিলেন এবং তিনি নিজেও মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলে জানা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, মাওলানা মোস্তাক আহমেদ গাজীনগরী হত্যার ঘটনায় করা মামলার এজাহারনামীয় আসামি হওয়ায় আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান তিনি।
গত মঙ্গলবার রাতে দিরাই সড়ক থেকে নিখোঁজ হন মাওলানা মোস্তাক আহমেদ গাজীনগরী।
শুক্রবার তার লাশ শরিফপুর ইটভাটার পাশে পুরাতন সুরমা নদীতে পাওয়া যায়। ওই ঘটনায় নিহতের স্ত্রী রুবি বেগম শনিবার রাতে দিরাই থানায় মামলা করেন। মামলায় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ এবং অজ্ঞাতপরিচয় আরো চারজনকে আসামি করা হয়।










