জাতীয়

সীতাকুণ্ডে ট্রাক ডিপোতে জুয়ার আসর, ৩ জনকে কারাদণ্ড

নিউজ ডেস্ক১৫ মে ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রামের সীতাকুণ্ডে সোহেল ট্রাক ডিপো নামক একটি ডিপোর ভেতরে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তিন যুবককে আটক করা হয়েছে। এ সময় তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারীতল এলাকায় মো. সোহেলের মালিকানাধীন সোহেল ট্রাক ডিপোর ভেতরে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন– উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার আবুতাহেরের ছেলে মো. আজম, পাক্কা মসজিদ এলাকার শাহআলমের ছেলে মো. কামাল ও কদমরসুল এলাকার আবুল খায়েরের ছেলে মো. নাজিম উদ্দিন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, সোনাইছড়ির সোহেল ট্রাক ডিপো নামক প্রতিষ্ঠানে প্রতি রাতে জুয়ার আসর বসে বলে অভিযোগ পাচ্ছিলাম। বৃহস্পতিবার রাতেও একইভাবে জুয়ার আসর বসেছে বলে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তিনজনকে জুয়া খেলা অবস্থায় পেয়ে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।