আইন আদালত

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন আরও ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আরও ৮ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। বুধবার সকালে পুলিশের দাখিল করা তিনটি আবেদনের ওপর আলাদাভাবে শুনানি শেষে চট্টগ্রামের তিনজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে এ আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সকালে মোশাররফ হোসেনকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। মোশাররফের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে নির্দেশ দেন।

এদিকে সাবেক গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে ডিভিশনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত এ বিষয়ে কারাবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, চট্টগ্রামের মীরসরাই ও জোরারগঞ্জ থানায় মোশাররফ হোসেনের বিরুদ্ধে এই ৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় মোশাররফকে শ্যোন অ্যারেস্ট দেখানোর শুনানি হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে। দুটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিন এবং অপর একটি মামলার শুনানি হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালতে। তার বিরুদ্ধে ঢাকায় একটি ও চট্টগ্রামে আটটিসহ মোট ৯টি মামলা রয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। তিনি চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন তার ছেলে মাহবুব রহমান রুহেল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি পলাতক ছিলেন। ২৭ অক্টোবর ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্র: যুগান্তর