সিল্কসিটিনিউজ ডেস্ক: সাতক্ষীরায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে এসিড মেরে ঝলসে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার বিকাল ৫টার দিকে শহরের ছয়আনি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
অ্যাসিডে ঝলসে যাওয়া শারমিন সুলতানা রিমা (২৪) ঝালকাঠি জেলার রাজাপুর থানার উপপরিদর্শক টিপু সুলতানের স্ত্রী এবং পুরাতন সাতক্ষীরার ছয়আনি মসজিদ এলাকার রফিকুল ইসলাম জুলুর মেয়ে।
রিমার বাবা রফিকুল ইসলাম জুলু জানান, ‘জামাতার দূরে পোস্টিং। এ কারণে গত কয়েক মাস যাবত আমার বাড়িতেই দুই সন্তানকে নিয়ে অবস্থান করছিল রিমা। দুপুরের খাবার শেষে সে এক ঘরে এবং তার মা অন্য ঘরে ঘুমিয়ে ছিল। বিকাল ৫টার দিকে ঘরের ভেতরে ঢুকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মুখসহ শরীরের বিভিন্ন অংশে এসিড ঢেলে দিয়ে পালিয়ে যায়। এতে রিমার মুখ, বুক ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।’ তিনি জানান, এই ঘটনায় তারা আইনের আশ্রয় নেবেন।

সদর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অ্যাসিডে দগ্ধ রিমাকে সাতক্ষীরা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
সূত্র: বাংলাট্রিবিউন










