সদ্য প্রকাশিত
মতামত

শেখ হাসিনা খালি হাতে ফিরে যেতে আসছেন না

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০২২৬ মিনিট পড়া
শেখ হাসিনা খালি হাতে ফিরে যেতে আসছেন না

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

এর আগেরবার যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে এসেছিলেন, তখন ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে মোদি-হাসিনার বৈঠকের পর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। হায়দরাবাদ হাউসে আয়োজিত সেই মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলাম। সেদিন দেখেছিলাম, কত যত্ন নিয়ে শেখ হাসিনার আপ্যায়ন করেছিলেন নরেন্দ্র মোদি। সেই সময় খাবারের মেন্যুটা পর্যন্ত এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে বাংলাদেশ আর ভারত দুই দেশেরই ব্যঞ্জনের বৈচিত্র্য থাকে।

সেখানে বাংলাদেশের খাবার যেমন ছিল, তেমনি ছিল ভারতীয় নিরামিষ ভোজনের ব্যবস্থা। মনে আছে, সেই সময় উত্তর ভারতে নবরাত্রি চলছিল। নরেন্দ্র মোদি নবরাত্রি পালন করেন। সেই সময় তিনি কোনো কিছুই খান না, সারা দিন শুধু ফলের রস খেয়ে থাকেন। তবে যাঁরা নবরাত্রি পালন করছেন তাঁদের জন্য এক রকম ব্যবস্থা ছিল, আবার বাংলাদেশের অতিথিদের জন্য পৃথক ব্যবস্থা ছিল। এ তো গেল খাওয়াদাওয়ার আয়োজন।

গতবার অজিত দোভাল এবং অন্য কর্তাব্যক্তিরা বিভিন্ন টেবিলে এমনভাবে ছড়িয়ে-ছিটিয়ে বসেছিলেন, যাতে আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক আদান-প্রদান হয়। শিল্পপতি আদানি সেবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সেই মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সব বৈঠকের ফাঁকে ফাঁকে যাঁরা বাংলাদেশের বিদ্যুৎ ও পরিবহন পরিকাঠামো সংক্রান্ত বিভাগের প্রধান ও দায়িত্বপ্রাপ্ত, তাঁদের সঙ্গে আদানির খোলামেলা আলোচনা চলছিল।

এবার শেখ হাসিনার আরেকটি সফর। তাঁর এবারের সফর আরো তাৎপর্যপূর্ণ। কেননা এমন একটা সময় এই সফরটা হচ্ছে যখন ২০২৩ সালে বাংলাদেশের নির্বাচন আসন্ন। আবার নরেন্দ্র মোদিরও লোকসভা নির্বাচন ২০২৪ সালে হতে চলেছে। বাংলাদেশ এখন নানা কারণে উত্তাল। মৌলবাদী শক্তি শেখ হাসিনা এবং ভারতের যৌথ বিরোধিতা শুরু করেছে। ভারত বিরোধিতার তাস ব্যবহার করে সেই সব মৌলবাদী শক্তি শেখ হাসিনার বিরোধিতা করছে। তারা সংখ্যালঘু হিন্দুবিরোধী, হাসিনাবিরোধী ও ভারতবিরোধী—এই ত্রয়ী প্যাকেজ নিয়ে আসরে নেমেছে।

ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে লন্ডন শহরে বসেও তালেবানি ও মৌলবাদী শক্তিরা সক্রিয়। বিভিন্ন ব্যক্তির মাধ্যমে বাংলাদেশে হাসিনাকে দুর্বল করার জন্য মৌলবাদী ষড়যন্ত্রের হাব হয়ে উঠেছে লন্ডন। এমনও সন্দেহ রয়েছে যে চীনা রাষ্ট্রের একাংশ সেই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত। স্বভাবতই শেখ হাসিনার এই সফর নিয়ে ভারত অনেক বেশি সচেতন।

বাংলাদেশের প্রতি ভারতের যে কর্তব্য বা দায়িত্ব সেটা শুধু বাংলাদেশের ওপর ভারতের নিয়ন্ত্রণ কায়েম করার জন্য নয়। এই মুহূর্তে বাংলাদেশের ওপর ভারতের নির্ভরশীলতা উপমহাদেশে শান্তি বজায় রাখার জন্যও জরুরি। কেননা বাংলাদেশের যে জিওস্ট্র্যাটেজিক পজিশন, বিশেষত ইউক্রেনকে কেন্দ্র করে নয়া ঠাণ্ডাযুদ্ধ শুরু হওয়ার পর তা আরো বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সেই কারণে এবার শেখ হাসিনার সফরের মর্যাদা ও তাৎপর্য অনেক।

শেখ হাসিনা খালি হাতে ফিরে যেতে আসছেন না। তাঁকে নানা দিক থেকে অভ্যর্থনা জানাতে ভারত এবার প্রস্তুত। পাঁচটা থেকে সাতটা এমওইউ স্বাক্ষরিত হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। নেপাল থেকে জিএমআরের মতো কম্পানি বাংলাদেশে জলবিদ্যুৎ নিয়ে যাবে ভারতের মধ্য দিয়ে, সে ব্যাপারেও বোঝাপড়া হবে। কুশিয়ারা এবং আরো বেশ কিছু নদী নিয়ে একটা চুক্তি করা হবে, যাতে এই মুহূর্তে যত দিন না তিস্তা চুক্তি হচ্ছে, তার বিকল্প হিসেবে যাতে বাংলাদেশে পানির কোনো অভাব না থাকে।

শেষ পর্যন্ত কী হবে, সেটা তো সফরের আগে বলা যাবে না। তবে এখন শোনা যাচ্ছে, দুই পক্ষের মধ্যে আলাপ-আলোচনা চলছে, রাশিয়া থেকে যে তেল ভারতে আসে সেই তেলের একটা বড় অংশ বাংলাদেশ সরাসরি ভারতের কাছ থেকে কিনতে পারবে। সে ক্ষেত্রে প্রয়োজনে ভারত ভর্তুকি দেবে। পেট্রল ও ডিজেল—দুটিই যদি ভারতের কাছ থেকে ন্যায্য মূল্যে পাওয়া যায়, তাহলে এই মুহূর্তে বাংলাদেশে পেট্রল-ডিজেলের সংকট দূর হবে। এর ফলে মূল্যবৃদ্ধি নিয়ে যে অসন্তোষ, সেটাও দূরীভূত হবে এবং বিভিন্ন সমস্যার সমাধান হবে। বিদ্যুেক্ষত্র থেকে শুরু করে কৃষিক্ষেত্র—সর্বত্র পেট্রল-ডিজেলের প্রয়োজন।

মোংলা বন্দর একটা উপ-আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র। সেই মোংলা বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর। সেটার পুনর্নির্মাণ, পুনরুজ্জীবনের জন্য ভারতের যে লাইন অব ক্রেডিট তা নিয়ে বেশ কিছু অংশে কাজ হচ্ছে। খুলনা-মোংলা রেললাইনের জন্য তৈরি রূপসা নদীর কাজসহ একের পর এক বিষয় রয়েছে তাতে, যেগুলো নিয়ে ব্রেইনস্টরমিং বৈঠক হতে চলেছে।

সুতরাং বাংলাদেশের রেল প্রকল্পগুলো নিয়ে যেমন আলোচনা হবে, আবার বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথভাবে আরো রেল প্রকল্পের উন্নতি, বাংলাদেশ টিভি এবং ভারতের প্রসার ভারতীর মধ্যেও যৌথভাবে অনেক কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র ভারত ও বাংলাদেশের আলোচনার মধ্যে আসবে।

এখন মূল প্রশ্ন হলো, নদীর সমস্যাগুলো নিয়ে কী আলোচনা হবে? নদী কমিশনে তার একটা রূপরেখা পাওয়া গেছে। কিন্তু তিস্তা চুক্তির ভবিষ্যৎ কী? তিস্তা চুক্তি রূপায়ণ এই মুহূর্তে বাংলাদেশের জন্য অনেক বড় রাজনৈতিক ইস্যু।

অনেকে মনে করছেন, এই মুহূর্তে তিস্তা যে খুব প্রয়োজনীয় একটা বিষয়, এমন নয়। তার বদলে যদি পানির বিকল্প ব্যবস্থা হয়, সেটাই অনেক। তার কারণ যতক্ষণ পর্যন্ত ভারতের অভ্যন্তরীণ যুক্তরাষ্ট্রীয় সমস্যার সমাধান না হবে, তত দিন তিস্তা সমস্যার সমাধান খুব মুশকিল।

ভারত সরকার এবার একটা নতুন উদ্যোগ নিতে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আসাম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের এবারের বৈঠকে আমন্ত্রণ জানানো হবে কি হবে না, সেটা নিয়ে অনিশ্চয়তা আছে। এ ব্যাপারে এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে কোনো আমন্ত্রণ আসেনি। ঠিক যেমন ত্রিপুরা ও আসামের মুখ্যমন্ত্রীর কাছেও কোনো আমন্ত্রণ আসেনি। এমনটা শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী ভাবছেন যে তিস্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অনড় মনোভাব আছে। সুতরাং এখনই এ ব্যাপারে আলোচনা করলে জটিলতা আরো বাড়তে পারে। সেই কারণে আগে অন্য বিষয়গুলো নিষ্পত্তি করতে চাইছেন।

শেখ হাসিনার আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা ও আসামের মুখ্যমন্ত্রীরা ঢাকা সফরেও যেতে পারেন। পদ্মা সেতু পরিদর্শন করার জন্য তাঁদের আমন্ত্রণ তো শেখ হাসিনা আগেই দিয়েছেন। শেখ হাসিনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক এখন অত্যন্ত মধুর। আগে তিস্তা নিয়ে যে জটিলতা ছিল, সেটা এখন কেটে গেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিবেদককে বলেছেন, ‘আমি তিস্তা চুক্তির বিরুদ্ধে নই। তিস্তা চুক্তি রূপায়ণ করব না এমনও নয়। কিন্তু তিস্তা নদীর জল থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যাতে বঞ্চিত না হয়, তার জন্য কেন্দ্রের কাছে আমি অনেক দিন থেকেই দাবি জানাচ্ছি। সিকিম রাজ্যেও অনেক জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছে। এর ফলে জল বাঁধাপ্রাপ্ত হয়ে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে আসছে না। সেই কারণে সিকিমের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মধ্যে একটা বৈঠক ডাকার কথা। ’

সিকিমের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মধ্যে একটা দ্বিপক্ষীয় বৈঠক করার কথা মোদিও ভাবছেন। কল্যাণ রুদ্রর রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে, উত্তরবঙ্গে যদি অনেক জলাধার তৈরি করা সম্ভব হয়, তাহলে সেই জলাধারে জল সঞ্চয় রেখে তিস্তার জল দিলে সমস্যার সমাধান হতে পারে। সেই জলাধারগুলো নির্মাণে যে খরচ সেটা কেন্দ্রকে জোগাতে হবে—এমনটা দাবি ছিল রাজ্য সরকারের। এখন দিল্লি সরকারকেও এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে এবং সে ব্যাপারে আলাপ-আলোচনার একটা প্রক্রিয়া শুরু হতে হবে। কেননা বিজেপি ও তৃণমূলের যে রাজনৈতিক বিরোধ, সেটা আগামী দিনে যাতে তিস্তা চুক্তি রূপায়ণে বাধা না ফেলে, সে ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্যোগী হয়েছেন।

সুতরাং আশা করা যায়, বিরোধিতার জন্য বিরোধিতা নয়। এখন এটাকে বাস্তবে রূপায়িত করার জন্য বাংলাদেশ সরকার চেষ্টা করছে। তবে ভারতের অভ্যন্তরীণ কেন্দ্র-রাজ্য বিবাদ বা তৃণমূল বনাম বিজেপির বিবাদে বাংলাদেশ সরকার কোনোভাবেই নাক গলাতে চায় না। সেই কারণে গোটা জিনিসটা নরেন্দ্র মোদির ওপর ছেড়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনারও আস্থা আছে নরেন্দ্র মোদির ওপর। নরেন্দ্র মোদিও প্রতিশ্রুতিবদ্ধ যে তিনি এই ব্যাপারে যৎপরোনাস্তি চেষ্টা চালিয়ে যাবেন। সুতরাং আপাতত প্রত্যাশা অনেক। সব ভালো যেন শেষ ভালো হয়—শেষ পর্যন্ত এটাই দেখার বিষয়।

লেখক : নয়াদিল্লিতে কালের কণ্ঠের
বিশেষ প্রতিনিধি

সূত্রঃ কালের কণ্ঠ