নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৪৫ জন। এ সময় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামিম আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
মৃত রোগীর নাম মোসাঃ জোস্না আরা (৫০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী এলাকার বাসিন্দা ও গৃহিণী। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের তথ্যে মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম’ উল্লেখ করা হয়েছে।

হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার শুরুতে রামেকে ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন ১৫৬ জন। নতুন করে ৬৫ জন ভর্তি, ৪৫ জন ছাড়পত্র এবং একজনের মৃত্যুর পর বর্তমানে হাসপাতালে ১৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, রামেক হাসপাতালে এ পর্যন্ত মোট ১ হাজার ৩৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ১৯৩ জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছে।
অর্থাৎ, চলতি মৌসুমে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। একই সঙ্গে বর্তমানে ১৭৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ডেঙ্গু পরিস্থিতিতে হাসপাতালটিতে চাপ অব্যাহত রয়েছে।
স/আ










