আন্তর্জাতিক

রান্নাঘরের ছুরি দিয়ে সাবেক সেনাসদস্যকে হত্যা করলেন স্ত্রী

নিউজ ডেস্ক৮ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে পারিবারিক কলহের জেরে স্বামীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। নিহত দিলীপ (৩৯) দেশটির সাবেক সেনাসদস্য।

এ ঘটনায় তার ৩৪ বছর বয়সী স্ত্রী নির্মলা খারাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে আহমেদাবাদের নরোদা এলাকায় নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে। রান্নাঘরের ছুরি দিয়ে স্বামীর বুকে আঘাত করেন নির্মলা। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান দিলীপ।

পুলিশের এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানান, পারিবারিক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। এই দম্পতির দুই সন্তান রয়েছে।

নরোদা থানার পরিদর্শক বি এম কাটারিয়া জানান, সিসিটিভি ফুটেজ ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার নির্মলাকে আটক করা হয়।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছে গুজরাট পুলিশ । বিষয়টি নিয়ে তদন্ত চলছে।