সদ্য প্রকাশিত
রাজনীতি

রাজশাহীর এমপি প্রার্থীদের জনপ্রিয়তা নিয়ে তথাকথিত অনলাইন জরিপ: আলোচনার ঝড়

নিউজ ডেস্ক২১ এপ্রিল ২০১৮৫ মিনিট পড়া
রাজশাহীর এমপি প্রার্থীদের জনপ্রিয়তা নিয়ে তথাকথিত অনলাইন জরিপ: আলোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক:

গত কয়েকদিন ধরে রাজশাহীর ফেসবুক ব্যবহারকারীদের মাঝে ‘আগামী নির্বাচনে কাকে প্রার্থী হিসেবে দেখতে চান?’ এমন প্রশ্ন ছুড়ে দেয় একটি ভুঁইফোঁড় অনলাইন। এরপর শনিবার সকাল থেকে হঠাৎ করে তথাকথিত ওই অনলাইন জরিপের নামে আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীদের মধ্যে কারা এগিয়ে তারা প্রচার করা শুরু হয়।

এ নিয়ে রাজশাহীর এমপি প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে গ্রহণযোগ্যতা নাই এমন প্রার্থীদেরও জনপ্রিয়তার জরিপে এগিয়ে বলে নাম প্রচার করা হয়েছে। এ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে জোরে-সরে। এসব প্রার্থীদের কারা ভোট দিল-তাদের কর্মী-সমর্থকই বা কারা- তা নিয়েও রয়েছে প্রশ্ন?

সিল্কসিটি নিউজের অনুসন্ধানে জানা গেছে, গত কয়েকদিন ধরে রাজশাহীর বিভিন্ন ব্যক্তি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় ‘আগামী নির্বাচনে কাকে প্রার্থী হিসেবে দেখতে চান?’-এমন প্রশ্ন। রাজশাহীর ছয়টি আসন ধরেই একের পর একটি করে এমন প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়। কথিত ওই অনলাইন জরিপের কোনো নীতিমালা অনুসরণ না করেই হঠাৎ করে এমন জরিপের নামে লিংক গিয়ে ভোট দিত বলা হয়। এরপর শনিবার সকাল থেকে ছয়ট আসনে আওয়ামী লীগ এবং বিএনপি থেকে কারা এগিয়ে তা নিয়ে ফলাফল প্রকাশ হয়।

তবে কয়েকটি আসনে এমন কয়েকজন প্রার্থীর নাম আসে যাদের এলাকায় তেমন কোনো নাম-গন্ধও নাই। ফলে তথাকথিত ওই অনলাইন জরিপটি পড় যায় প্রশ্নের মুখে।

রাজশাহীর একজন সিনয়র সাংবাদিক আনিসুজ্জামান তার ফেসবুকে লিখেছেন, ‘রাজশাহীতে ভূঁইফোর সংগঠনের কথিত অনলাইন নির্বাচনী জরিপ ও প্রচারের নেপথ্যে কারা, তাদের উদ্দেশ্য কী?’

এমন নানা প্রশ্ন ছড়িয়ে পড়েছে ফেসবুকে। কেউ কেউ সরকারের বিভন্ন সংস্থাকে বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেওয়ারও আহ্বান জানিয়েছেন। কথিত প্রার্থীদের নিকট থেক মোটা অংকের অর্থ হাতিয়ে নিতে এমন জরিপ কনা-তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। আবার ওই অনলাইনটির র‌্যাকিং বাড়াতেও এমন প্রতারণার ফাঁদ কিনা সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

রাজশাহীর একটি গোয়েন্দা সংস্থার শীর্ষ এক কর্মকর্তা সিল্কসিটি নিউজকে বলেন, ‘কোথায় থেকে এই ধরনের জরিপ চালানো হলো-তা নিয়ে প্রশ্ন রয়েছে। ওই জরিপে এমন কিছু নেতার নাম উঠে এসেছে-যাদের এলাকায় কোনো প্রচারণায় নাই। ফলে ওই জরিপটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এর পেছনের উদ্দেশ্য নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। ফলে বিষয়টি নিয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। কারা এর সঙ্গে জড়িত-বা এর উদ্দেশ্য কি-সেটাও দেখা হচ্ছে।

ওই জরিপে আ.লীগে এগিয়ে যারা:

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বেশী ভোট পেয়েছেন দুইবারের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। দ্বিতীয় অবস্থানে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী। আর তৃতীয় স্থানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মতিউর রহমান।

রাজশাহী-২ (সদর) আসনে বেশী ভোট পড়েছে নগর যুবলীগের সভাপতি রমজান আলীর ঘরে। দ্বিতীয় অবস্থানে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং ভোট প্রাপ্তির দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছেন নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আক্তার রেণী।

অনলাইন জরিপে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বেশী ভোট পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। ভোট প্রাপ্তের দিক থেকে এর পরের অবস্থানে রয়েছেন তরুণ সাংসদ আয়েন উদ্দিন এবং তৃতীয় অবস্থানে সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিনাতুন নেছা তালুকদার।

অনলাইন জরিপের সর্বশেষ ফলাফল অনুযায়ী রাজশাহী-৪ (বাগমারা) আসনে বেশী ভোট পেয়েছেন তাহেরপুর পৌরসভার দুইবারের মেয়র আবুল কালাম আজাদ। দ্বিতীয় অবস্থানে রয়েছেন দুইবারের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক এবং তৃতীয় স্থানে উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অনলাইনে ভোট দাতাদের বেশীর ভাগের পছন্দ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদকে। এ আসনে দ্বিতীয় অবস্থান সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এবং তৃতীয় অবস্থানে দুইবারের সাংসদ আব্দুল ওয়াদুদ দারা।

অনলাইন জরিপে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সবচেয়ে বেশী ভোট দাতা দেখতে চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও দুইবারের এমপি শাহরিয়ার আলামকে। দ্বিতীয় অবস্থানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দিন লাভলু এবং তৃতীয় অবস্থানে জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু।

ওই জরিপে বিএনপিতে এগিয়ে যারা:

অনলাইন জরিপের বিএনপির অংশের ফলাফল অনুযায়ী রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বেশী ভোট পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিএনপি নেতা অধ্যাপক শাহাদৎ হোসেন শাহিন। দ্বিতীয় অবস্থানে বিএনপি নেতা মোজ্জাম্মেল হক ও তৃতীয় স্থানে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক।

রাজশাহী-২ (সদর) আসনে বেশী ভোট পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্বিতীয় স্থানে সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং তৃতীয় অবস্থানে রয়েছেন রাসিকের বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

অনলাইন জরিপে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বেশী ভোট পেয়েছেন প্রবীন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী কবির হোসেন। ভোট প্রাপ্তের দিক থেকে এর পরের অবস্থানে রয়েছেন নগর বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও তৃতীয় অবস্থানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্টু।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা জাহিদ দেওয়ান শামীমকে বেশী ভোট দিয়েছেন জরিপে অংশগ্রহনকারিরা। তার পরের অবস্থানে রয়েছেন বিএনপি নেতা অধ্যাপক মকলেছুর রহমান। আর তৃতীয় অবস্থানে সাবেক এমপি অধ্যাপক আব্দুল গফুর।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) বিএনপির প্রার্থী হিসেবে বেশী ভোট পড়েছে পুঠিয়া উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ার হোসেন জুম্মার পয়েন্টে। এ আসনে ভোট প্রাপ্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাবেক এমপি নাদিম মোস্তফা। আর তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা আবু বকর সিদ্দিক।

অনলাইন জরিপে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপি প্রার্থী ও এমপি হিসেবে সবচেয়ে বেশী ভোট দাতা দেখতে চায় আবু সাইদ চাঁদকে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তিনি বেশী ভোট পেয়েছেন। সমান ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দেবাশীষ রায় মধু ও জেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান।

স/আর