সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

‘যুগ্ম সচিব’ পরিচয়ে প্রতারণা: সিআইডির জালে ধরা হাফিজুর

নিউজ ডেস্ক৩১ মার্চ ২০১৮২ মিনিট পড়া
‘যুগ্ম সচিব’ পরিচয়ে প্রতারণা: সিআইডির জালে ধরা হাফিজুর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বরগুনার আমতলীতে ভুয়া যুগ্ম সচিব মোঃ হাফিজুর রহমান জাহিদকে (৪৭) গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। আজ শনিবার সিআইডির ফেসবুক পেইজ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, মঙ্গলবার দুপুরে আমতলী পৌর শহরের মহিলা কলেজ সড়কের তার বাসার সামনে থেকে তাকে ও তার সহযোগী গাড়ী চালক আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্পের ভুয়া পরিচালক পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করতেন।

জানা গেছে, আমতলী পৌর শহরের মহিলা কলেজ সড়কের মোঃ নজরুল ইসলাম হাওলাদারের পুত্র মোঃ হাফিজুর রহমান জাহিদ দীর্ঘদিন ধরে প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। চলতি বছর ফেব্রুয়ারি মাসে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পলগাঁও গ্রামের নাজিমুল গনি টুটুলের মাধ্যমে তার চাচাতো ভাই তোফায়েল হোসেন ও রতনকে পুলিশের সহকারী পরিদর্শক (সাব ইন্সেপেক্টর) পদে চাকুরী দেয়ার কথা বলে ২০ লক্ষ টাকা নেয়। টাকা আনার পর থেকে ভুয়া যুগ্ম সচিব মোঃ হাফিজুর রহমান জাহিদ গা ঢাকা দেয়। 

এ ঘটনায় টুটুল বাদী হয়ে এ বছর ২৩ মার্চ নেত্রকোনা সদর থানায় তার বিরুদ্ধে প্রতারণা মামলা করেন। পরে থানা পুলিশ মামলাটি সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার সিআইডি পুলিশ আভিযান চালিয়ে আমতলী পৌর শহরের মহিলা কলেজ সড়কের তার বাসার সামনে থেকে ভুয়া যুগ্ম সচিব জাহিদ ও তার সহযোগী গাড়ী চালক আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ীর স্টিকার, যুগ্ম সচিব পদ মর্যাদার কার্ড ও প্রকল্প পরিচালকের ব্যবহৃত সিল ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মনোগ্রাম লাগালো গাড়ী জব্দ করা হয়।

জাহিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক প্রতারণা মামলা রয়েছে। এরপূর্বে প্রতারণার ঘটনার অনেকবার তিনি পুলিশের হাতে ধরা পড়েছে। সিআইডির উপ-পুলিশ পরিদর্শক প্রীতেশ তালুকদার বলেন, ‘জাহিদ দীর্ঘদিন ধরে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকতার পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। নেত্রকোনা সদর থানার একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করেছি। তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে।’

তিনি আরও জানান, ‘জাহিদ প্রতারণা করে সুনামগঞ্জ জেলার জনতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে ১৭ লক্ষ টাকা ও পুলিশে চাকুরী দেয়ার কথা বলে মোহনগঞ্জের পাঁচ জনের কাছ থেকে ৩৬ লক্ষ টাকা ও সচিবলায়ে চাকুরী দেয়ার কথা বলে বারকু নামের এক জনের কাছ থেকে সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।’