আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের তৈরি প্রথম এফ-১৬ভি যুদ্ধবিমান পেল তাইওয়ান

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনের সম্ভাব্য হামলা মোকাবেলায় নিজেদের সামরিক শক্তি বাড়ানোর অংশ হিসেবে শুক্রবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ভি যুদ্ধবিমান পেয়েছে তাইওয়ান।

এই যুদ্ধবিমানগুলো ৬৬টি এফ-১৬ভি সরবরাহের জন্য করা ৮ বিলিয়ন ডলারের চুক্তির অংশ।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে চুক্তিটি অনুমোদন করা হয়েছিল। চলতি বছর এসব বিমান তাইওয়ানে পৌঁছানোর কথা ছিল।
নতুন যুদ্ধবিমানগুলো এমন সময় তাইওয়ানে পৌঁছাল, যখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো ১৪ বিলিয়ন ডলারের একটি অস্ত্র প্যাকেজের অনুমোদনের অপেক্ষায় রয়েছে দেশটি। চীনের আপত্তির পর ওই অস্ত্র প্যাকেজের অনুমোদন ট্রাম্প স্থগিত করেছিলেন।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। দ্বীপটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও বলেছে বেইজিং।
মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি দুটি এফ-১৬ভি যুদ্ধবিমান শুক্রবার তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাইতুংয়ের একটি বিমানঘাঁটিতে পরিষ্কার আকাশে অবতরণ করে। জ্বালানি নেওয়ার জন্য হাওয়াই ও গুয়ামে বিরতি দিয়ে বিমানগুলো সেপ্টেম্বরের শুরুতে তাইওয়ানে পৌঁছানোর কথা ছিল।

তবে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, গুয়ামের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানগুলো হাওয়াইয়ে ফিরে যায়। কেন এমনটি হয়েছিল, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

বহু প্রতীক্ষিত যুদ্ধবিমানগুলোর আগমন দেখতে তাইতুংয়ের বিমানঘাঁটির বাইরে কয়েক ডজন স্থানীয় বাসিন্দা জড়ো হন। তাদের কয়েকজনের হাতে দূরবীন ও লম্বা লেন্সের ক্যামেরা ছিল। তাইওয়ানের মধ্যাঞ্চলীয় শহর তাইচুংয়ের এক বিক্রয়কর্মী কিমি চি যুদ্ধবিমানগুলোর অবতরণের ছবি তুলতে সারারাত ভ্রমণ করে তাইতুংয়ে আসেন।

যুদ্ধবিমান আসতে দেরি হওয়ার বিষয়ে তাইচুংয়ের বাসিন্দা কিমি চি বলেন, ‘ভালো জিনিস পেতে সময় লাগে।’

৩৭ বছর বয়সী কিমি চি এএফপিকে বলেন, নতুন যুদ্ধবিমান আসায় তাইওয়ানের সামরিক সক্ষমতা অবশ্যই বাড়বে। তবে তার মতে, বর্তমানে দেশটির সবচেয়ে বড় ঘাটতি পাইলটের। তিনি আশা করেন, সরকার সামরিক পাইলটদের জন্য আরো ভালো সুযোগ-সুবিধা ও ভাতা দেবে।

তাইওয়ানের সাবেক বিমানবাহিনী সদস্য ৫৭ বছর বয়সী এরিক চ্যান গত ৩০ বছরে এফ-১৬ যুদ্ধবিমানের উন্নতি দেখে মুগ্ধ হয়েছেন। তিনি বলেন, তাইতুংয়ে মোতায়েন করা এসব যুদ্ধবিমান চীনের সম্ভাব্য হুমকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এফ-১৬ভি একটি চতুর্থ প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান। এটি তাইওয়ানের পুরনো এফ-১৬এ/বি যুদ্ধবিমানের উন্নত সংস্করণ।

সরবরাহে বিলম্ব

যুক্তরাষ্ট্র তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সহযোগী এবং দেশটির সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। তবে নানা কারণে তাইওয়ানে গুরুত্বপূর্ণ মার্কিন অস্ত্র সরবরাহে ধীরগতি দেখা দিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু এর আগে বলেছিলেন, লকহিড মার্টিন উৎপাদন বাড়ালেও চলতি বছরের মধ্যে সব এফ-১৬ভি সরবরাহ করা কঠিন হবে।

শুক্রবার কু জানান, বছরের শেষ নাগাদ তাইওয়ানে আরও এফ-১৬ভি যুদ্ধবিমান পৌঁছাবে। তবে ঠিক কতটি বিমান আসবে, তা তিনি জানাননি। তিনি বলেন, বিমানগুলো ধীরে ধীরে উৎপাদনের বিভিন্ন ধাপ পার করছে। এরই মধ্যে কিছু বিমান পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছে। বিমানগুলো কবে তাইওয়ানে পৌঁছাবে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনা করা হবে বলেও জানান তিনি।

এদিকে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের জন্য প্রস্তাবিত ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজের অনুমোদন আটকে রেখেছে। মে মাসে ট্রাম্প এটিকে চীনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দর-কষাকষির হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। এতে তাইওয়ানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের আগে এই অস্ত্র প্যাকেজের অনুমোদন পাওয়ার সম্ভাবনা কম। ওই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও ট্রাম্পের এ বছর চতুর্থবারের মতো বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্প্রতি এক মার্কিন কর্মকর্তা জানান, চীনের প্রতিক্রিয়া কমাতে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজটি একবারে না দিয়ে কয়েক ধাপে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে।