আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে কানাডা

নিউজ ডেস্ক২৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কানাডার বাণিজ্য অনেকটাই প্রতিবেশী যুক্তরাষ্ট্রনির্ভর ছিল। উত্তর আমেরিকার দুই দেশের সম্পর্কও ছিল দারুণ উষ্ণ।

কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে এ সম্পর্কের অবনতি ঘটতে থাকে, যা এখন তলানিতে। ট্রাম্প দায়িত্ব নিয়েই কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বনে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যা দল-মত-নির্বিশেষে কানাডার সব মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এরপর দফায় দফায় শুল্ক আরোপ করে ট্রাম্প কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ককেও বিষিয়ে তুলেছেন।
সেজন্য কানাডা যুক্তরাষ্ট্রনির্ভরতা কমিয়ে বাণিজ্য বহুমুখী করার চেষ্টা করছে।

কানাডার প্রধানমন্ত্রী আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের বাইরে কানাডার বাণিজ্য দ্বিগুণ করতে চান। যুক্তরাষ্ট্রের ওপর কানাডার নির্ভরতা কমানোর অংশ হিসেবে কার্নি ভারতকেও এক বৃহত্তর প্রচেষ্টার অন্তর্ভুক্ত করেছেন।
গত সপ্তাহে কার্নি ইউরোপীয় ইউনিয়নের প্রথম সহযোগী সদস্য হিসেবে কানাডার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাকে স্বাগত জানান।

তিনি বলেন, ইউরোপের সঙ্গে আরো গভীর সম্পর্ক নিশ্চিত করবে যেকোনো দেশই যেন কানাডার বাজার নিয়ন্ত্রণ করতে বা এর সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করতে না পারে।

এ ছাড়া কার্নি এই বছরের শুরুর দিকে চীনের সঙ্গে একটি চুক্তি করেছেন, যার আওতায় চীন থেকে সীমিত সংখ্যক বৈদ্যুতিক যানবাহন অনেক কম শুল্কে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর বিনিময়ে চীন কানাডিয়ান ক্যাপসিয়াম বীজ আমদানির ওপর শুল্ক কমিয়েছে।

কানাডা এবং ভারত গত মার্চ মাসে একটি ব্যাপক বাণিজ্য চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছে এবং উভয় সরকারই ২০২৬ সালের শেষ নাগাদ এই আলোচনা সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য আলোচনায় আমরা ভালো অগ্রগতি অর্জন করছি।’

তিনি জানান, দুই দেশই আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনের মধ্যে এই আলোচনা শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে।

কার্নি আরো বলেন, তার জানামতে ভারত নিশ্চিত করেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সময়ে কানাডা সফর করবেন, যদিও সফরের সুনির্দিষ্ট তারিখটি এখনো চূড়ান্ত হয়নি।

কার্নি জানান, তিনি এবং মোদি জি-২০ সম্মেলনের মধ্যেই আলোচনা সম্পন্ন করার চেষ্টা করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। আগামী ১৪-১৫ ডিসেম্বর মিয়ামির ‘ট্রাম্প ন্যাশনাল ডোরাল’-এ এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০২৩ সালে ব্রিটিশ কলাম্বিয়ায় কানাডিয়ান শিখ কর্মী হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া গভীর কূটনৈতিক ফাটলের পর এই দ্রুত অর্থনৈতিক সুসম্পর্ক পুনর্স্থাপন ঘটছে। সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন যে, নিজ্জর হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকারের এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে।

পরবর্তীতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায় যে, তাদের কাছে এমন প্রমাণ রয়েছে যা কানাডায় হত্যাকাণ্ড এবং অন্যান্য সহিংস কর্মকাণ্ডের সঙ্গে ভারত সরকারের এজেন্টদের জড়িত থাকার ইঙ্গিত দেয়। ট্রুডো বলেছিলেন যে, ভারতীয় কূটনীতিকরা কানাডিয়ানদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন, যা পরবর্তীতে সংঘটিত অপরাধ চক্রের কাছে হস্তান্তর করা হয়েছিল এবং এর ফলে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। এইসব অভিযোগের প্রেক্ষাপটে কানাডা ছয়জন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করে। তবে ভারত এই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে এবং কানাডার বিরুদ্ধে শিখ বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তোলে।

কার্নি সম্পর্ক পুনর্গঠনে অত্যন্ত দ্রুত পদক্ষেপ নিয়েছেন। এই বছরের শুরুর দিকে তার ভারত সফর ছিল ২০১৮ সালের পর কোনো কানাডিয়ান প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর।