সিল্কসিটিনিউজ ডেস্ক: অল্পের জন্য রক্ষা পেল একটি ইন্ডিগো বিমান এবং একটি বিএসএফ এয়ারক্রাফট৷ শুক্রবার জম্মু-কাশ্মীরের বানিহাল জেলায় মাঝ আকাশে আচমকাই মুখোমুখি হয়ে যায় এই দুটি বিমান৷ বিএসএফ এয়ারক্রাফটটিতে ছিলেন স্বরাষ্ট্রসচীব রাজীব মেহঋষি৷
সূত্রের খবর, অমরনাথ থেকে দিল্লি ফিরছিলেন মেহঋষি৷ বিএসএফের এয়ারক্রাফটটিতে ছিলেন তিনি৷ সেই সময় সেই রাস্তাতেই উল্টোপথ দিয়ে আসছিল ইন্ডিগো বিমানটি৷ দুটি বিমানই প্রায় কাছাকাছি চলে আসে৷ কিন্তু দুই বিমান পাইলটের দক্ষতায় অল্পের জন্য রক্ষা পেয়ে যায় দুটি বিমানই৷ স্বরাষ্ট্রসচীবকেও একেবারে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে৷
ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে, বিএসএফ এয়ারক্রাফটটি ২৫হাজার ফিট উচ্চতা দিয়ে চলছিল৷ আর তার জেরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে বারবার অ্যালার্ট করা হচ্ছিল বলে জানা গিয়েছে৷ অপরদিকে ইন্ডিগো 6E-653 বিমানটি দিল্লি থেকে শ্রীনগর যাচ্ছিল৷ এই বিমানটি ২৬হাজার ফিট উচ্চতা দিয়েই যাচ্ছিল৷ সিভিল অ্যাভিয়েশনের ডিরেক্টর জেনারেল এই ঘটনাটির তদন্ত শুরু করেছে৷ সূত্র: কলকাতা ২৪











