সদ্য প্রকাশিত
মতামত

ভোটকেন্দ্রে ভোটারের আকাল একটি অশনিসংকেত

নিউজ ডেস্ক৮ ফেব্রুয়ারি ২০২০৬ মিনিট পড়া
ভোটকেন্দ্রে ভোটারের আকাল একটি অশনিসংকেত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের নির্বাচনী হালচাল দেখে মনে হচ্ছে, ভোটাররা গোস্সা করে বসে আছেন। কারণ ভোটকেন্দ্রগুলোয় ভোটারের আকাল দেখা দিয়েছে। ঢাকার দুই সিটি নির্বাচনে ৫৫ লাখ ভোটারের মধ্যে মাত্র ১৫ লাখ ভোটারের উপস্থিতি সেই কথারই প্রমাণ দেয় কিনা সে বিষয়টি চিন্তাভাবনা করে দেখার মতো।

আমাদের দেশের মানুষ যতটা নির্বাচনমুখী, অতীতে নির্বাচনকে তারা যেভাবে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে গ্রহণ করেছেন, গত কয়েকটি নির্বাচনে তার বিপরীত চিত্রটিই যেন লক্ষ করা গেছে।

একমাত্র বেনিফিসিয়ারি ব্যক্তিরা এবং অল্প কিছু ব্যতিক্রম ছাড়া আজকাল কেউ ভোটকেন্দ্রে যাচ্ছেন বলে মনে হচ্ছে না। আর তারই সর্বশেষ প্রমাণ হল ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন। আশ্চর্যের বিষয় হল, বড় দুটি রাজনৈতিক দলের সমর্থক ভোটাররাও আজকাল সাবলীলভাবে ভোটকেন্দ্রে যাচ্ছেন না!

দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের যে ভোটব্যাংক, বিএনপির যে ভোটব্যাংক- সেসব ভোটার ভোটকেন্দ্রে গেলেও শতকরা ৫০ ভাগ ভোট পড়ার কথা। তাছাড়া স্বাধীনতার পক্ষের শক্তি বলে যে একটি কথা আছে, তারা যে দল বা মতকে সমর্থন করেন, নতুন প্রজন্মের যারা স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করেন, চল্লিশের নিচে যাদের বয়স, সেসব যুবক-তরুণ ভোটারও কেন যে ভোটকেন্দ্রবিমুখ হলেন, তা বিস্ময়ের জন্ম দিয়েছে বৈকি! কারণ আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগ সমর্থন করেন এমন সব ভোটার ভোটকেন্দ্রে জড়ো হলে, বিএনপি করেন এবং বিএনপিকে সেমর্থন করেন এসব ভোটার ভোটকেন্দ্রে গেলে চিত্রটি এমন হওয়ার কথা নয়।

এ অবস্থায় ভোট নিয়ে বা ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে সাধারণ মানুষের যে কোনো আগ্রহ নেই সে কথাটি প্রমাণিত হয়ে যাচ্ছে। ভোটে কে জিতবেন কে হারবেন বা কে জিতলেন বা হারলেন সেসব নিয়ে জনগণের বৃহৎ অংশই বর্তমানে নির্বিকার। বারবার ভোটকেন্দ্রে না গিয়ে তারা সেটাই প্রমাণ করে চলেছেন।

উপরোক্ত অবস্থার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, সরকার ইত্যাদি সব প্রতিষ্ঠানেরই চিন্তাভাবনা করে দেখা উচিত বারবার কেন এমনটি হচ্ছে। ঢাকার দুই সিটি নির্বাচনে বড় দুটি দলেরই যে শোডাউন দেখা গেল, নেতাকর্মীদের মিছিল-মিটিং দেখা গেল, তারা যেভাবে অলিগলি চষে বেড়ালেন, তারপরও তারা ভোটকেন্দ্রে ভোটার আনতে পারলেন না কেন সে প্রশ্নের উত্তর রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশন ও সরকারকেও ভেবে দেখতে হবে।

কারণ দেশের মানুষ তথা ভোটাররা ভোটকেন্দ্রবিমুখ হয়ে পড়েছেন এটি এখন প্রমাণিত সত্য। ফলস্বরূপ রাজধানী ঢাকার একজন মেয়র মাত্র ১৫ শতাংশ এবং অপরজন ১৭ শতাংশ ভোটারের সমর্থনে মেয়র নির্বাচিত হয়েছেন! অভিযোগগুলো আমলে আনলে তা হয়তো আরও কমে যাবে। কারণ অভিযোগকারীদের দাবি ৫ শতাংশ ভোট প্রিসাইডিং অফিসারদের ক্ষমতায় বাড়ানো হয়েছে! তাদের সেসব অভিযোগ কিছুটা সত্য হলেও নির্বাচিত মেয়রদের ভোটপ্রাপ্তির শতকরা হার আরও কিছুটা কমে যাবে।

আর নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অভিযোগ যে সম্পূর্ণ ভিত্তিহীন সে কথাটিও বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন না। কারণ ক্ষমতাশালী ও শক্তিশালী প্রার্থীরা যুগ যুগ ধরে এ দেশের নির্বাচনে প্রভাব বিস্তার করে এমনটি ঘটিয়ে আসছেন। এবারের সিটি নির্বাচনে কাগজে ছাপানো ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হলে ওই শ্রেণির শক্তিশালী প্রার্থীরা তাদের লোকজন দ্বারা অতিরিক্ত কিছু ব্যালট পেপারে যে সিল মারতেন তা বলাই বাহুল্য।

ইভিএম ব্যবহারের ফলে সে সুযোগ না থাকায় প্রিসাইডিং অফিসারদের শতকরা ৫ ভাগ ভোট প্রদানের (ইভিএম খোলার ক্ষমতা) ক্ষমতার যে অপব্যবহার করা হয়নি সে কথাটিও জোর দিয়ে বলা যায় না। কারণ নির্বাচন কমিশনের ওই শ্রেণির কর্মকর্তাদের অনেকেই মেরুদণ্ডহীন! আর মেরুদণ্ডহীন নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের ওপর প্রভাব বিস্তার করাও খুব কঠিন কোনো কাজ নয়। সুতরাং ক্ষেত্রবিশেষে শতকরা এক-দু’ভাগ ভোট বাড়ানোও হতে পারে। আর সেক্ষেত্রে নির্বাচিত মেয়রদের ভোটপ্রাপ্তি ১৪ শতাংশও হতে পারে।

বিষয়টি উল্লেখ করার কারণ এই নয় যে, ৫ শতাংশ ক্ষমতার আওতায় দুই-এক শতাংশ ভোট বাড়ানো হয়েছে। বরং এ কথা বোঝানোর জন্য বলা হল যে, ১৭ বা ১৫ শতাংশ ভোট থেকে আরও দুই-এক শতাংশ ভোট কমে গেলে মেয়র সাহেবদের প্রাপ্ত ভোট ১৩-১৪ শতাংশে গিয়ে ঠেকে কিনা! যদি তাই হয়, তাহলে এত টাকা খরচ করে ডামাডোল পিটিয়ে এই যে নির্বাচন করা হল, তার সার্থকতাই বা কী?

শুধু দু’জন মেয়রকে এক ধরনের বৈধতা দেয়া ছাড়া অন্য কোনো সার্থকতা এ ক্ষেত্রে খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। আর এ অবস্থায় নির্বাচন কশিনের ব্যর্থতা আড়াল করার চেষ্টাও বৃথা। কারণ রাজধানীর ভোটারদের বৃহৎ অংশও হয়তো নির্বাচন কমিশনের ব্যর্থতার বিষয়টি আঁচ করতে পেরেই ভোটকেন্দ্র বর্জন করেছেন।

২.

আমার এ লেখাটি পড়ে কেউ যাতে বিভ্রান্ত না হন, বা ভুল না বোঝেন সে জন্য কিছু কথা বলেই লেখাটি শেষ করতে চাই। উপরোক্ত লেখায় আমি নির্বাচিত মেয়র সাহেবদের কোনোভাবেই খাটো করে দেখতে বা দেখাতে চাইনি। কারণ এ ক্ষেত্রে তাদের কোনো দোষ নেই। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। অত্যন্ত পরিশ্রম করেছেন। কিন্তু তারপরও ভোটাররা আশানুরূপভাবে ভোটকেন্দ্রে আসেননি, বরং ভোটারের উপস্থিতি এত কম যে তা বিস্ময় সৃষ্টি করেছে।

সুতরাং এ ক্ষেত্রে নির্বাচিত মেয়রদের কোনো দোষত্রুটি না থাকলেও নিশ্চয়ই অন্য কোথাও দোষত্রুটি রয়ে গেছে। হতে পারে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সরকার বা সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানের কোথাও দোষত্রুটি রয়ে গেছে, বা দোষত্রুটি হয়ে যাচ্ছে, যা নজর-আন্দাজ না করে উপেক্ষা করা হচ্ছে। আর সেসব দোষত্রুটি খুঁজে বের করে যেন তার সুরাহা করা হয়, সে উদ্দেশ্যেই আমার আজকের লেখাটির অবতারণা।

কারণ দুশ্চিন্তা হয়, নির্বাচন সংক্রান্ত দোষত্রুটি খুঁজে বের করে তার সুরাহা করতে না পারলে একদিন নির্বাচন নামক শব্দটি এদেশ থেকে হারিয়ে না যায়! জনারণ্যে ঠাসা রাজধানী ঢাকার একজন মেয়র শতকরা মাত্র ১৪-১৫ ভাগ ভোটারের সমর্থনে নির্বাচিত হবেন, এটি ভাবতেও কষ্ট লাগে। কষ্ট লাগে যখন দেখি জনগণের কষ্টার্জিত অর্থ ব্যয় করে একেকটি নির্বাচন অনুষ্ঠিত হয় আর সেসব নির্বাচন প্রশ্নের মুখে পড়ে, ধিকৃত হয়।

নির্বাচন কমিশনে ভালো ভালো লোক কাজ করেন, তাদের চাওয়া-পাওয়ার মতো কিছু আছে বা থাকতে পারে এমনটি আমরা মনে করি না। সুতরাং ভবিষ্যতে তারা আরও সতর্কতা ও দায়িত্বের সঙ্গে কাজ করবেন, তেমনটিই প্রত্যাশা। আর রাজনৈতিক দলগুলোর প্রতি আবেদন রইল, তারা যেভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন, সে পথ থেকে তাদের ফিরে আসতে হবে। ভোটাররা তাদের প্রার্থীকে ভোট দিতে ভোটকেন্দ্রে যাচ্ছেন না, এসব দেখেশুনেও যদি তারা সতর্ক না হন, তাহলে আর বলার কিছু থাকবে না।

এভাবে নির্বাচন নামক একটি আনন্দঘন অনুষ্ঠানকে বাংলাদেশ থেকে নির্বাসনে পাঠানো ঠিক হবে না এবং কারও পক্ষেই তা শুভ হবে না। এ কথাটি মনে রাখাই উত্তম বলে মনে করি। মিটিং-মিছিলে হাজার হাজার লোক জড়ো করে রাস্তাঘাট কাঁপিয়ে তোলার পর ভোটকেন্দ্রে ভোটার নেই কেন, সে বিষয়টি নিয়ে এখনই কাজ শুরু না করলে ভবিষ্যতে যে তার ফলাফল ভালো হবে না সে কথাটিও কিন্তু এখানে আগাম বলে রাখা হল।

পরিশেষে আরও স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের ভোটব্যাংক, বিএনপির ভোটব্যাংকসহ অন্যান্য ছোটখাটো দলের ভোটব্যাংক মিলে যে ভোটার সংখ্যা দাঁড়ায় তার অর্ধেকও যদি ভোটকেন্দ্রে আসত তাহলেও শতকরা ৪০ ভাগ ভোট পড়ত। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। আর সে দায়িত্ব নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও সরকার কেউ এড়াতে পারে না।

মোট কথা, এবারের সিটি নির্বাচনে আমরা অন্তত ৩০-৩৫ শতাংশ ভোটে নির্বাচিত মেয়র আশা করেছিলাম। কিন্তু আমাদের সে প্রত্যাশা পূরণ হয়নি। এ অবস্থায় মাত্র ১৪-১৫ শতাংশ ভোটে একেকজন মেয়র নির্বাচিত হওয়ার বিষয়টিকে একটি অশনিসংকেত হিসেবে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই আমাদের ধারণা।

ড. মুহাম্মদ ইসমাইল হোসেন : কবি, প্রাবন্ধিক, কলামিস্ট