সিল্কসিটিনিউজ ডেস্ক:
নেপালের বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক বন্যায় তাদের দেশ থেকে বেশ কিছু গণ্ডার পাশের দেশ ভারতে ভেসে গেছে এবং তারা সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করেছেন।
বন্যায় ভেসে যাওয়া গণ্ডারগুলোর প্রায় সবারই আবাসভূমি হলো নেপালের বিখ্যাত রয়্যাল চিতওয়ান ন্যাশনাল পার্ক। প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এই সংরক্ষিত অরণ্যে গণ্ডার ও অন্যান্য বন্যপ্রাণী দেখতে আসেন।

সর্বশেষ জরিপ অনুযায়ী রয়্যাল চিতওয়ান পার্কে প্রায় ছয় শ’র মতো একশৃঙ্গী গণ্ডার রয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে নেপালে যে ভয়াবহ বন্যা চলছে তাতে চিতওয়ান অভয়ারণ্যের বহু গণ্ডার ভিটেছাড়া হয়েছে। জলের তোড় তাদের ভাসিয়ে নিয়ে গেছে সীমান্তের অন্য পারে ভারতে।
নেপালের চিতওয়ান ন্যাশনাল পার্কের একেবারে গা ঘেঁষেই ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বাল্মীকি টাইগার রিজার্ভ যেটি ভারতে রয়্যাল বেঙ্গল টাইগারের একটি অন্যতম প্রধান আবাসভূমি। চিতওয়ান ন্যাশনাল পার্কের কর্মকর্তারা জানান, তাদের বেশ কিছু গণ্ডার বন্যায় ভেসে গিয়ে ভারতের বাল্মীকি টাইগার রিজার্ভে গিয়ে ঠেকেছে বলে তারা জানতে পেরেছেন।
এখন গণ্ডারগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের বন্যপ্রাণী কর্মকর্তাদের কাছে অনুরোধও জানানো হয়েছে। তবে বন্যার পানি আরও না কমলে গণ্ডারগুলো নেপালে ফিরিয়ে দেওয়ার কাজ সহজ হবে না বলেই কর্মকর্তারা মনে করছেন।
সারা পৃথিবীতে একমাত্র নেপাল ও ভারতেই একশৃঙ্গী বা এক শিং-ওয়ালা গণ্ডার পাওয়া যায়।
ফলে এই দুই দেশের কাছেই তাদের এই গণ্ডার এক গর্বের সম্পদ। বন্যার জল কমলে নেপালের এই গণ্ডারগুলো কীভাবে আবার ভারত থেকে ফেরত পাঠানো যায়, সেটা দেখার বিষয় হবে। সূত্র: বিবিসি বাংলা










