সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

ভবন নির্মাণে চাঁদা না পেয়ে নির্মাণ শ্রমিকদের ছুরিকাঘাত

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
ভবন নির্মাণে চাঁদা না পেয়ে নির্মাণ শ্রমিকদের ছুরিকাঘাত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর নামে চাওয়া চাঁদা না পেয়ে চট্টগ্রামে তিন নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। আহত নির্মাণ শ্রমিকদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় মোহাম্মদ ইউনুসের মালিকানাধীন নির্মাণাধীন ভবন ‘হোসাইন টাওয়ারে’ এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন মোহাম্মদ কামাল, মোহাম্মদ সজিব ও মোহাম্মদ হাসনাইন।

স্থানীয়রা কালের কণ্ঠকে জানান, এর আগে একই গ্রুপ এসে গুলি করে ভয়-ভীতি দেখিয়ে কাজ বন্ধ করতে বলেছিল। এবার এসে নির্মাণ শ্রমিকদের ছুরিকাঘাত করে গেল।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে ১৭ ডিসেম্বর কালের কণ্ঠের হাতে আসা এক ভিডিও ফুটেজে দেখা যায়, দুই যুবক অস্ত্র উঁচিয়ে হামজারবাগ এলাকায় নির্মীয়মাণ ভবনের গেট পার হয়ে ভেতরে যায়।

একটু পর বেরিয়ে আসে। বের হওয়ার আগে একজন পিস্তল উঁচিয়ে গুলির হুমকি দেয়। অপরজনকে গেটের বাইরে একাধিকবার অস্ত্র তাক করতে দেখা যায়। তারা বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর হয়ে ৮০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল।

এর ঠিক পাঁচ দিন আগে বায়েজিদ থানার কুলগাঁও এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলের এক নেতা বাড়ি লক্ষ্য করে গুলি করেছিল একই গ্রুপের সন্ত্রাসীরা।

তারাই আবার গত শুক্রবার চকবাজার থানার চন্দনপুরায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়িতে গুলি চালায়। এর আগে তারা স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের কাছে কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল। মুজিবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বাঁশখালী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

জানা গেছে, নগরের চান্দগাঁও, বায়েজিদ, পাঁচলাইশ ও হাটহাজারী এলাকায় কেউ নতুন বাড়ি নির্মাণ, ব্যবসা-বাণিজ্য ও জমি বেচাকেনা করলেই ফোন আসে সাজ্জাদের।

চাঁদা নেয় তার অনুসারীরা। সেই টাকার একটি অংশ তার কাছে পৌঁছে দেয় তারা। দুই দশকের বেশি সময় ধরে এভাবেই অপরাধ জগত নিয়ন্ত্রণ রেখেছেন সাজ্জাদ।