সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশ নিয়ে কৌতূহলী দেখা গেল ভদ্রলোককে। কৌতূহলে চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাবনা নয়, ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড়ের আশঙ্কা। পরদিন ভয়ংকর কিছু হতে পারে সেই দুশ্চিন্তায় অচেনা দেশের অজানা ভদ্রলোককে এত কাতর দেখলাম যে মন ছুঁয়ে গেল।
আমরা ক্রিকেট দিয়ে দুনিয়া জয় করেছি ভেবে ঢেঁকুর তুলি। কিছুটা জয় করেছিও বটে, কিন্তু ক্রিকেটের ছোট্ট দুনিয়ার বাইরে বৃহত্তর যে পৃথিবী সেখানে বাংলাদেশের পরিচয়ে আজও বিস্তর বিভ্রান্তি। এই দেশে মানুষ-মানুষের গায়ে লেগে থাকে আর যখন-তখন মারামারি করে বলে ধারণা—এই প্রচারের সত্যতা আছে বলে লজ্জার সঙ্গে সেটা স্বীকার করে নিতে হয়। কিন্তু কিছু অসত্য বিশ্বাস আজও অটুট। অনেকেই মনে করে, বাংলাদেশ সব সময় পানিতে ডুবে থাকে। আমরা গাড়ি বা ট্রেনে চড়ি না, সবার বাড়িতে আছে একটা করে নৌকা। তেমনি একজন এই পোলিশ ভদ্রলোক। যিনি বাংলাদেশি সাংবাদিক শুনে বললেন, ‘ইন্টারনেটে

দেখলাম টেরিবল স্টর্ম ইন ইয়োর কান্ট্রি। ভেরি স্যাড। ’ তারপর এমন দুঃখের সঙ্গে মাথা নাড়তে থাকলেন যে মনে হলো প্রচারজনিত বিভ্রান্তিতে আচ্ছন্ন থাকলেও তাঁর আন্তরিকতাটা নিখাদ। বারবার বললেন, ‘লেটস হোপ। লেটস হোপ। এভরিথিং উইল বি ওকে। ’
সত্যি বললে, বাংলাদেশে ‘মোরা’র এই চোখরাঙানি লন্ডনকে আচ্ছন্ন করেছে। টিউলিপ সিদ্দিকীর নির্বাচনী প্রচার শেষ করে স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ারউজ্জামান চৌধুরী গভীর রাতে এসেছিলেন গ্রাঞ্জ সিটি হোটেলে। নিজের ব্যক্তিগত একটা উৎসবের আয়োজন নির্ধারিত ছিল। ফোনে সেটা বাতিল করতে বললেন, ‘দেশে ঘূর্ণিঝড় হতে যাচ্ছে। ভয়ংকর বিপদে মানুষ। এই সময় এসব করা ঠিক হবে না। যা করার ঘরোয়াভাবে করতে হবে। ’ দেখে এত ভালো লাগল যে এখানকার বাংলাদেশি রাজনীতিকদের মধ্যেও ব্রিটিশ সংস্কৃতির ছোঁয়া লেগেছে। আর তা থেকেই প্রশ্ন এলো, যখন এখানে রাজনীতি করাদের মধ্যে স্থানীয় রাজনীতির এমন ইতিবাচক প্রভাব, তখন বাংলাদেশে কেন জিনিসটার ছায়া পৌঁছায় না? যখন বাংলাদেশের রাজনীতিকরা নিয়মিত ইংল্যান্ডে আসেন। দেখেন-ঘোরেন-ফেরেন-প্রশংসায় পঞ্চমুখ হন। দেশে গিয়ে ভুলে যান কেন? আনোয়ারউজ্জামান বললেন, ‘এটা ঠিক তাঁরা এসে দেখেন। আমাদের কাছে শোনেন। কিন্তু এখানকার ভালো জিনিসগুলো কাজে লাগানোর বিষয়টা তো ব্যক্তির ওপর নির্ভর করে। অনেক তরুণ এমপি কিন্তু এখন চেষ্টা করছেন। নিজেদের অভিজ্ঞতা কাজেও লাগাচ্ছেন। ’ হয়তো নতুনরা কাজে লাগানোর পথে আগাচ্ছেন কিন্তু সংখ্যাটা খুব বেশি নয়। ইস্ট লন্ডনের এক তরুণ বাংলাদেশি হাসতে হাসতে বললেন, ‘কাজে লাগাতে চান না কেন জানেন? দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়ে গেলে তো তাদের লস। বাংলাদেশের রাজনীতিকরা যে ক্ষমতা ভোগ করেন সেটা পৃথিবীর কোথাও নেই। এখন এখানকার মতো রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেলে তাঁদের তো সেই ক্ষমতা থাকবে না। কে ভাই নিজের ক্ষমতা কমাতে চায়? তাঁরা তাই দেখেন, প্রশংসা করেন কিন্তু কাজে লাগান না। ’
অনেক বছর আগে একজন জাতীয় ক্রিকেটারের সবংর্ধনার আয়োজন করেছিল একটা আঞ্চলিক সংস্থা। গিয়ে দেখি সেখানে তুমুল হাতাহাতি। আয়োজক এক পক্ষ আরেক পক্ষকে মারছে। বিচিত্র অভিজ্ঞতা। তার চেয়েও বিচিত্র অভিজ্ঞতা বিদেশে। সেখানে একটা অনুষ্ঠানে গিয়ে দেখা গেল কোথাও কেউ নেই। খোঁজ নিয়ে জানা গেল ওদের দুই পক্ষের মধ্যে এমন মারামারি লেগেছিল যে পুলিশ এসে কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। বাকিরা পালিয়েছে। ঘটনাটা বলছি এ জন্য যে দলাদলিটা বিদেশে বাংলাদেশের মতোই। ক্ষেত্রবিশেষে বেশিই। পত্রিকায় প্রায়ই দেখা যায় অমুক দেশে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ কিংবা বিএনপির দুই কমিটি আলাদাভাবে মিটিং করছে। আর তাই প্রায়ই প্রশ্ন জাগে, বিদেশে গিয়ে আওয়ামী লীগ-বিএনপি করতে হবে কেন? অন্য কোনো দেশের তো এ রকম শাখা বা প্রবাসে রাজনীতি নেই। স্থানীয় নেতারা যদিও জানাচ্ছেন যে ভারত-পাকিস্তানের রাজনীতিও এখানে আছে, কিন্তু তাদের দ্বিধাভরা বক্তব্য থেকেই পরিষ্কার—এই কাজে বাংলাদেশই এক নম্বরে। কেন এখানেও বাংলাদেশের রাজনীতি করতে হবে? স্থানীয় বিএনপি নেতা আসাদুজ্জামান আখতার বলছেন, ‘আসলে নাড়ির সঙ্গে সম্পর্ক আমাদের। আর তাই এখানে এসেও দেশকে ভুলতে পারি না। ’ কিন্তু ব্রিটেনে থেকে সেখানকার রাজনীতির সঙ্গে জড়িত থাকাই কি যুক্তিযুক্ত নয়? এখানকার কমিউনিটির জন্য কাজ করাই বেশি দরকার। দেশের মানুষের জন্য তো দেশে নেতা-রাজনীতিবিদের কোনো অভাব নেই। লেবার পার্টি থেকে নির্বাচিত সাবেক কাউন্সিলর খালেদ রেজা খান মনে করেন, ‘সেটাই হওয়া উচিত। আমি যেমন লেবার পার্টিই করি। অন্য কিছু না। এখানে যখন আছি, তখন এখানকার মানুষের কল্যাণের জন্য স্থানীয় রাজনীতিই বেশি কাজের। ’ সেই কাজে যে বাংলাদেশিরা নেই এমন নয়। তিনজন নির্বাচিত এমপিই সেটা প্রমাণ করে। তবু মূল ঝোঁকটা এখনো দেশের দিকে। আরেকজন কারণ হিসেবে যেটা বললেন, সেটাকে বেশ যুক্তিযুক্ত মনে হলো। ‘দেখুন ওয়ান-ইলেভেনের সময় দেশে প্রতিবাদের কোনো সুযোগ ছিল না। এই আমরাই কিন্তু প্রতিবাদ জানিয়েছি। আবার দেশে সব সময় বিরোধী দল কোণঠাসা থাকে। এই এখন যেমন বিএনপি দেশের চেয়ে অনেক বেশি রাজনীতি করতে পারছে এখানে। আবার আওয়ামী লীগ বিরোধী দলে গেলেও দেখবেন হয়তো সে রকমই হবে। ’ কেউ কেউ অবশ্য মনে করেন, কারণ আছে আরো। এখানে প্রচুর বিত্তশালী মানুষ। আর বিত্তের পর বাঙালিদের লাগে ক্ষমতা। ইংল্যান্ডে বিত্ত দিয়ে ক্ষমতা অর্জনের খুব বেশি সুযোগ নেই। রাজনীতি করতে হলে নিচে থেকে উঠে আসার লম্বা প্রক্রিয়া। শর্টকাট পথ বাংলাদেশে খুব চলে বলে স্থানীয় বিত্তশালীদেরও বাংলাদেশের রাজনীতির দিকেই বেশি মনোযোগ।
পৃথিবীর সব দেশে ভোটের রাজনীতিতে রিজার্ভ ভোটের ব্যাপার আছে। আছে সংখ্যালঘুদের একটা নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে থাকার বাতিক। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় মানেই যেমন ধরে নেওয়া হয় আওয়ামী লীগের ভোটার, ঠিক তেমনি ব্রিটেনে বাংলাদেশি মানেই লেবার পার্টির সমর্থক। আগেরবার দেখেছি আওয়ামী লীগ-বিএনপি নিয়ে তুমুল তর্ক করা দুজন একটু পরে টনি ব্লেয়ারের নামে একবিন্দুতে মিলে যাচ্ছে। কিন্তু এই প্রচলিত প্রথা কি এবার একটু ধাক্কা খাচ্ছে? লেবারের মানুষ এখনো অনেক বেশি কিন্তু কনজারভেটিভ সমর্থন যেন তুলনামূলক বাড়তির দিকে। টিউলিপ সিদ্দিকী সূত্রে এই নতুন সমীকরণ! টিউলিপের এক সমর্থক দুঃখ করে বললেন, ‘খুব লজ্জার বিষয়। এবারও বিএনপির লোকজন তাঁর বিরোধিতা করছে। শেষ পর্যন্ত পারবে না, টিউলিপ সিদ্দিকী আরো অনেক বেশি ভোটে জিতবেন, কিন্তু দেশের জন্য তো বিষয়টা লজ্জার। তাঁকে হারানোর জন্যই কনজারভেটিভ পার্টিকে ভোট দিতে বলছে ওরা। ’ শুধু ভোট দিতে বলাই নয়, টিউলিপের আসনে লেবার পার্টির পক্ষে কাজ করার জন্য বহিষ্কার করা হয়েছে স্থানীয় বিএনপির এক নেতাকে। তথ্যটা জানার পর কথা হচ্ছিল বিএনপি সমর্থক একজনের সঙ্গে। একথা-সেকথার পর বললেন, ‘অনেক বছর লেবারকে ভোট দিয়েছি কিন্তু এবার টোরিদের দিকেই যাব। ’
‘কেন? লেবারই তো অভিবাসী বা বাংলাদেশিদের জন্য ভালো। ’
‘এক সময় ছিল। কিন্তু এখন কনজারভেটিভ পার্টি অর্থনীতিকে শক্তিশালী জায়গায় নিয়ে গেছে। দেশে বেকারত্বের হার গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে কম। ওদের নেতৃত্বও দুর্বল। করবিনের মধ্যে সেই কারিশমার ব্যাপারটাই নেই। তুলনায় থেরেসা মে অনেক বেশি স্মার্ট। সামগ্রিকভাবে এই দেশের জন্য টোরিরা ভালো। ’
এসবেই যুক্তি আছে কিন্তু সেই যুক্তি তো অভিবাসী বা বাংলাদেশিদের জন্য খাটে না। আর যখন থেরেসা মে বছরে অভিবাসীর সংখ্যা এক লাখে নামিয়ে আনার চেষ্টায় আছেন এবং করবিন তাঁর বিরোধিতা করে আগের তিন, সাড়ে তিন লাখেই সংখ্যাটা রাখতে চান, তখন তো কোনোভাবেই বাংলাদেশিদের টোরিদের দিকে থাকার কথা নয়। কিন্তু বেশ কয়েকজন বিএনপি সমর্থকের সমীকরণে টোরিপ্রীতি! ওরা কেউ মানতে চাইলেন না কিন্তু বোঝা যায় টিউলিপ সূত্রে নতুন অঙ্ক তৈরি হয়েছে ব্রিটেনের বাংলাদেশিদের একাংশের ভোটচিন্তায়। তিনি আওয়ামী পরিবারের, কঠিন আসন থেকে এমপি হয়েই থেমে না থেকে পার্লামেন্টে দুর্দান্ত ভাষণ আর গতিশীলতায় ব্রিটেনের রাজনীতিতেই প্রভাবশালী হয়ে উঠছেন। বিএনপি সমর্থকদের কারো কারো কাছে সেটা একটা পরাজয়। পরাজয় এড়ানোর উপায়! টিউলপ যে দল করেন সেই লেবার পার্টিরই বিরোধিতা করা।
বব্রিটেনের নির্বাচন মানে কনজারভেটিভ আর লেবারের চিরন্তন লড়াই। পুরো দুনিয়া সেটাই জানে। তারা তো আর জানে না বাংলাদেশের আওয়ামী লীগ-বিএনপির বিরোধ এখন আন্তর্জাতিক রপ্তানি পণ্য। ব্রিটিশ মুলুকেও দিব্যি রপ্তানি হয়ে গেছে! সূত্র: কালের কণ্ঠ










