আইন আদালত

বোয়িংয়ের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এয়ার ইন্ডিয়া এয়ারলাইনসের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নির্মাতা কম্পানি বোয়িং ও যন্ত্রাংশ সরবরহাকরী প্রতিষ্ঠান হানিওয়েলের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার নিহত যাত্রীদের স্বজনরা মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, অবহেলাজনিত কারণে নির্মাণ ত্রুটি থেকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আগ মুহূর্তে উড়োজাহাজের দুটি ইঞ্জিনে জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ হয়ে যায়।

এই সুইচ দুটি বন্ধ হলে তাত্ক্ষণিক ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। উড়োজাহাজের নকশায় ত্রুটি ছিল। বিধ্বস্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে অবগত থাকার পরও কম্পানি দুটি কিছুই করেনি। এ ছাড়া কম্পানি দুটি এয়ারলাইনসগুলোকে সুইচগুলোর তদারকি করতে সতর্কবার্তা পাঠায়নি।

এই মামলার ব্যাপারে বোয়িং ও হানিওয়েল কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বোয়িংয়ের জ্বালানি সরবরাহের সুইচের কোনো ত্রুটি নেই। এগুলো ব্যবহারের জন্য নিরাপদ। একই মাসে ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর প্রকাশ করা প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি তার সর্বোচ্চ গতি অর্জনের পর সেকেন্ডের ব্যবধানে দুটি ইঞ্জিনের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচগুলো বন্ধ হয়ে যায়।

মর্মান্তিক এই দুর্ঘটনা ঠিক কার ভুলে ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি তদন্তকারীরা। আগামী বছর পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশিত হতে পারে। সূত্র : বিবিসি