নিজস্ব প্রতিবেদক:
প্রবল কিবা হালকা বর্ষণ, জলাবদ্ধতার সাথে নগরীর সম্পর্ক যেন চিরোচেনা হয়ে হয়ে উঠেছে। কিন্তু বৃষ্টির না থাকলেও নগরীর গুরুত্বপূর্ণ অনেক সড়কে দিনের পর দিন জমে থাকছে পানি।

অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই দিনের পর দিন পানি জমে থেকে পথচারিসহ স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে এসব রাস্তাগুলো। কিন্তু সিটি করপোরেশনের জন্য এসব যেন কিছুই না। দেখেও তাদের দেখার কিছু নাই ভান করে বসে থাকার অভ্যাসে পরিণত হয়েছে।
বৃষ্টির পানিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো হাবুডুবু খেলেও কোন কোন এলাকায় থেকেই যায় এই জলাবদ্ধতা। সোমবার নগরীর কাদিরগঞ্জ এলাকায় গিয়ে দেখা গেল এমনই এক চিত্র। পাঁচ দিন আগে হওয়া বৃষ্টিতে পুরোটাই ডুবে যায় সড়কটি তবে পাঁচ দিনেও নামেনি পানি। রাস্তায় পানি জমে থাকায় যে কোন যানবাহনের যাওয়া আসায় ছিটকে পড়ছে পানি। আর এতে করে চরম ক্ষোভ জন্মেছে এলাকার স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকদের মাঝে।
রাজশাহী সিটি করপোরেশনের পয়:নিস্কাশন বিভাগের নীরব ভূমিকা এই জলাবদ্ধতার মূল কারণ বলে জানিয়েছেন স্থানীয়রা। বৃষ্টি হলেই এই এলাকায় পানি জমতে শুরু করে। আর ড্রেনেজ ব্যবস্থা উন্নত না হওয়ায় ওই পানি রাস্তা থেকে নামতে চাই না। সময়মতো ড্রেন পরিস্কার না করায় এমন ভাবে দিনের পর দিন দুর্ভোগ সহ্য করতে হয় বলে জানান ওই এলাকার বাসিন্দারা। রেলগেট এলাকার পশ্চিম পার্শ্বে অবস্থানরত যাত্রীরাও পড়েন অনাকাঙ্খিত দুর্ভোগে।
রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ গামী যাত্রী আসাদুল্লাহ রায়হান সিল্কসিটি নিউজকে বলেন, রাজশাহীতে কর্মস্থলের সুবাদে প্রায় সময়েই এখান থেকে বাসে উঠতে হয়। এই খানে প্রায় সবসময়ই পানি জমে থাকে। যে দিনই আসি এখানে পানি দেখতে পাই। পানি অনেক নোংরা । অনেক সময় পানি ছিটকে গায়ে পড়ে। আবার অনেকে বুঝতে না পেরে পানির মধ্যেই পারাপার করতে হয়।
ওই সড়কের পাশ ঘেষে বেলীফুল এবং রাজশাহী মিষ্টি বাড়ির দুটি মিষ্টির দোকানে প্রতিনিয়তই হাজারো মানুষের সমাগম হয়। তাদের সেই পানি টপকে দোকানে প্রবেশ করতে হয়। অথবা দুর দিয়ে ঘুরে আসতে হয় দোকানে।
সোমবার সকালে বেলীফুলে মিষ্টি কিনতে আসা এক ক্রেতা আবিদ হাসান বলেন, রোজ সকালে আমি আমার আমার ছেলে এখানে নাস্তা করতে আসি। আর রোজ রোজ আমাকে দূর দিয়ে ঘুরে আসতে হয় মিষ্টির দোকানে। এখানকার পানি কমে না। পানিতে ভীষণ ময়লা আর এর চেহারাও কালো। কত জীবানু থাকতে পারে এই পানিতে। এই রাস্তার পানি কখনো কমেনা। কেউ ঠিক করে না।
কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, রাস্তার পাশে নতুন ভবনের নির্মান কাজ অনেক দিন থেকে বন্ধ হয়ে আছে। কিন্তু এখনো এই ড্রেন পরিস্কার করা হয়নি। এই ড্রেনের ময়লা থাকায় অল্প বৃষ্টিতে পানি ঘরে প্রবেশ করে। এ নিয়ে সিটি করপোরেশনের লোকদের বার বার বলেও কোন কাজে আসেনা।
শুধু কাদিরগঞ্জ এলাকাই নয় নগরীর এমন অনেক গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা যেন পিছু ছাড়তে চাইনা। আর বৃষ্টির কারণে এলাকার অর্ন্তবর্তী ড্রেনেজ ব্যবস্থা আরোও করুন। নগর ব্যবস্থাপনার এমন করুন দৃশ্য যেন ভয়ঙ্কর রুপ না নেয় তা নিয়ে হতাশায় নগরবাসি।
স/আর










