সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিদেশিনীকে অশ্লীল ছবি পাঠিয়ে উত্ত্যক্ত করার অপরাধে এক ব্যক্তিকে শ্রীঘরে পাঠাল পুলিশ৷ অস্ট্রেলিয়ান অনাবাসী ভারতীয় মহিলার অভিযোগের ভিত্তিতে অবিনশ্বর চক্রবর্তী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই অভিযুক্ত ওই ব্যক্তি অস্ট্রেলিয়ান অনাবাসী ভারতীয় মহিলাকে ফেসবুক কু-প্রস্তাব ও অশ্লীল ছবি পাঠিয়ে উত্ত্যক্ত করতেন৷ এমনকি, ধর্ষণ ও খুনেরও হুমকি দেওয়া হত বলে অভিযোগ৷ এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হয় অস্ট্রেলিয়ান মহিলা৷ পরে বাধ্য হয়েই লালবাজার সাইবার শাখায় ইমেল মারফত অভিযোগ দায়ের করেন তিনি৷ লালবাজারে মামলা দায়ের হতেই তদন্তে নামে পুলিশ৷ অভিযুক্তের সন্ধানে শুরু করে বিধাননগর উত্তর থানা৷

পরে আজ দুপুরে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত৷ ধৃতের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ জানা গিয়েছে, আগামীকাল বুধবার অভিযুক্তকে ব্যাংকশাল আদালতে তুলবে পুলিশ৷ কলকাতা 24










