সদ্য প্রকাশিত
বিচিত্র

বন্দিদের হাতে তৈরি পোশাকেই ফ্যাশন শো, অবাক ডিজাইনাররাও

নিউজ ডেস্ক২২ জুলাই ২০১৭২ মিনিট পড়া
বন্দিদের হাতে তৈরি পোশাকেই ফ্যাশন শো, অবাক ডিজাইনাররাও

সিল্কসিটিনিউজ ডেস্ক: প্রেসিডেন্সি জেলের সামনে অভিষেক দত্ত এবং বাকি ইউনিটের সঙ্গে স্বস্তিকা।

বেশ কয়েক মাস আগে পশ্চিমবঙ্গের কারেকশনাল সার্ভিসেস এবং ডিজাইনার অভিষেক দত্ত যৌথভাবে প্রেসিডেন্সি জেলের মধ্যে একটি ফ্যাশন প্রোডাকশন ইউনিট খুলেছিলেন সেখানকার বন্দিদের জন্য। সেখানেই কাজ শিখে অন্তত ৪০-৪৫ জন বন্দি হাত পাকিয়েছেন পোশাক তৈরিতে। তাঁদের তৈরি পোশাক নিয়ে এবার হচ্ছে একেকটা ফ্যাশন শো। সেখানে হাঁটবেন স্বস্তিকা মুখোপাধ্যায়, পাওলি দাম, পায়েল, সোহম, মনোজ তিওয়ারি, অরিন্দম শীল, গৌরব, ঋদ্ধিমার মতো শিল্পীরা।

আর পাঁচটা ফ্যাশন শো’য়ের চেয়ে একটু আলাদা হবে এই শো, জানালেন অভিষেক দত্ত। ভেন্যু আলিপুরের কালচারাল কমপ্লেক্স। কোনও ব্যাকগ্রাউন্ড মিউজিকের বদলে থাকছে লাইভ পিয়ানো পারফরম্যান্স। ইউনিটে যাঁরা সবচেয়ে তাড়াতাড়ি কাজ শিখেছেন, সেই ১০-১২জন উপস্থিত থাকবেন এই শো’এ। ভাল কাজের জন্য পুরস্কার হিসেবে কিছু টাকা তুলে দেওয়া হবে তাঁদের হাতে। ‘‘এঁরা কিন্তু অনেকেই খুব ক্রিয়েটিভ। শুধু পোশাক তৈরি করবেন কেন। আরও অনেক কাজই ভাল করতে পারবেন। কয়েকজন কী ভাল আঁকেন! পরে এখানে উইভিং ইউনিট খোলা যায় কিনা, সেটা নিয়েও আমরা ভাবছি। তবে অন্য সৃজনশীল মানুষদেরও এগিয়ে আসা উচিত ওঁদের সাহায্য করার জন্য,’’ বলেছেন অভিষেক।

ডিজাইনারের এই প্রয়াস চোখে পড়েছে অনেকেরই। দিল্লি থেকে তিনি ডাক পেয়েছেন, তিহা়ড় জেলে এমনই কোনও প্রোডাকশন ইউনিট খোলার ব্যবস্থা করার জন্য। জানালেন, তিনি এমন কাজ আরও করতে চান। সেটা জাতীয় স্তরে করতে পারলেই খুশি হবেন। সূত্র: এবেলা