সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদী শাহীনা বেগমকে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি করেন শাহীনা বেগম।
এতে আলফাডাঙ্গা উপজেলার যোগীবরাটি গ্রামের সাগর মোল্লা (২২) ও ইকরামুল মোল্লাকে (২০) আসামি করা হয়। তাদের বিরুদ্ধে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগ আনেন বাদী।
এজাহারে শাহীনা বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আসামিরা তাকে উত্ত্যক্ত করতেন। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় হয়রানির মাত্রা বেড়ে যায়।
ঘটনার দিন রাতে বাড়ি ফেরার পথে তাকে যৌন হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনের আশ্রয় নেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে খালাস দিয়েছেন। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদীকে ১৫ দিনের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো সাত দিন কারাগারে থাকতে হবে।









