সদ্য প্রকাশিত
বিচিত্র

প্রেম করার অপরাধে প্রেমিকের মাথার চুল কেটে নিল প্রেমিকার পরিবার

নিউজ ডেস্ক২৫ অক্টোবর ২০১৭২ মিনিট পড়া
প্রেম করার অপরাধে প্রেমিকের মাথার চুল কেটে নিল প্রেমিকার পরিবার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ছেলেটির অপরাধ, সে প্রেম করছে তাঁদের পরিবারের মেয়ের সঙ্গে। শেষ পর্যন্ত সেই অপরাধের শাস্তিস্বরূপ, প্রেমিকের মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বাড়ির লোকজনদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় সেই প্রেমিক অভিজিৎ বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইথিয়া থানার শ্রীনিধিপুর পঞ্চায়েতের সোলেমানপুর গ্রামের বাসিন্দা অভিজিৎ মাল বোলপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের স্নাতক স্তরের ছাত্র। গত দেড় মাস আগে কালুরায়পুরের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পরিচয় হয় তার। তার পর থেকে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।

 

সোমবার ছাত্রীটিকে নিয়ে অভিজিৎ সিউড়ির কাছে পুরন্দরপুর গ্রামে পালিয়ে যায় বিয়ে করার জন্য। এর পরেই ছাত্রীর বাড়ি থেকে ছেলের বাড়িতে চাপ দেওয়া শুরু হলে মঙ্গলবার সকালে ছাত্রীটিকে কালুরায়পুর নিয়ে এসে মেয়ের পরিবারের হাতে তুলে দেয় অভিজিৎ।

অভিযোগ, এর পরেই অভিজিতের উপরে নির্যাতন শুরু হয়। ছাত্রীর বাবা সরকারি কর্মচারী, অভিজিতের বাবা কৃষক।

বোলপুর মহকুমা হাসপাতালের বেডে শুয়ে অভিজিৎ জানায়, ‘‘আমি মেয়েটিকে ভালবাসি। মেয়েটিকে নিয়ে এসে ওর পরিবারের হাতে তুলে দিয়েছিলাম। এর পরেই মেয়ের পরিবারের কেষ্ট মাল এবং বুদ্ধদেব মাল  আমাকে মারধর শুরু করে। গাছে বেঁধে বাঁশ দিয়ে পেটানো হয়। হাত ভেঙে দিয়েছে। আমি অসুস্থ হয়ে পড়ি। তার পর আমার চুল কেটে দেয়। এর পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। ভয়ে কোনও অভিযোগ করতে পারিনি। পরে রাতে অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়। এখানেও মুখ না খোলার জন্য চাপ দেওয়া হচ্ছে। আমি আতঙ্কের মধ্যে রিয়েছি।’’

অভিজিতের পরিবারের অভিযোগ, ঘটনার পর পুরো বিষয়টি চাপা দিতে মাঠে নেমে পড়েছেন আহমেদপুরের একাধিক শাসক দলের নেতা। ছাত্রীর পরিবার পুরো মারধরের বিষয়টি অস্বীকার করে।