সিল্কসিটিনিউজ ডেস্ক :
কুড়িগ্রাম জেলার রৌমারীতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বড় ভাইয়ের ছেলে আরিফ হত্যা মামলার এজাহারনামীয় আসামি নুরুজ্জামানকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
মঙ্গলবার তাকে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়। সে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর টাংড়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান এ বিষয়ে নিশ্চিত করেছেন।

উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রামের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বড় ভাই সুরতজামালের ছেলে ভাতিজা আরিফ হোসেন (২২) ও একই গ্রামের মুঞ্জিলের ছেলে খুনি আজাদের সঙ্গে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।
গত রোববার ভোররাতে পূর্বশত্রুতার জেরে সুপরিকল্পিতভাবে আরিফকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা। তার গলায় মাফলার পেঁচানো এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল আলিম বাদী হয়ে খুনি আজাদ ও তার ছেলে ইমন, নুরুজ্জামানসহ ৩ জনের নামে ও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে রৌমারী থানায় একটি হত্যা মামলা করেন। ২ দিন পর নুরুজ্জামকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, পুলিশ নুরুজ্জামান নামে এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সূত্র: যুগান্তর









