সিল্কসিটিনিউজ ডেস্ক :
নীলফামারীর সৈয়দপুরে প্রতারণা মামলার আসামিকে পুলিশের কাছ থেকে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সৈয়দপুর শহরের শহীদ ডা: জিকরুল হক রোডে এ ঘটনা ঘটে।

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামির নাম মহসিন আলী মন্টু। তাঁর বাড়ি শহরের মুন্সিপাড়ায় এবং খালেদ মার্কেটে তাঁর গার্মেন্টস ব্যবসা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে একদল পুলিশ মহসিন আলীকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পিবিআই পরিচয়ে আটক করে। এ সময় ওই ব্যবসায়ী ভুয়া ডিবি পুলিশ বলে মব সৃষ্টি করলে জনতা তাকে উদ্ধার করতে ছুটে আসে। ফলে পিবিআই পুলিশ গণপিটুনির শিকার হয়। উত্তেজিত জনতা পুলিশ বহনকারী মাইক্রোবাসটি ভাঙচুর করে। আর এ সুযোগে আটক ব্যবসায়ী মহসিন পালিয়ে যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, নারায়ণগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তিনজন এসআই ফতুল্লা থানার একটি প্রতারণার মামলার আসামিকে গ্রেপ্তার করতে সৈয়দপুরে আসেন। সাদা পোশাকে ওই আসামিকে আটক করে। এ সময় ভুয়া পুলিশ বলে আসামি মব সৃষ্টি করলে জনতা মাইক্রোবাস চালকসহ পুলিশ সদস্যরা গণপিটুনির শিকার হয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, আমাদের একটি টিম নিয়মিত মামলার আসামি ধরতে গিয়ে নীলফামারীর সৈয়দপুরে মবের শিকার হন। পরে স্থানীয় পুলিশের সহায়তায় তারা রক্ষা পান। আসামি ধরার সময় এই ঘটনা ঘটিয়েছে স্থানীয় লোকজন।










