আইন আদালত

নস্টেবলকে মারধর, চিকিৎসকের জামিন

নিউজ ডেস্ক৩ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সিগন্যালে আটকে কনস্টেবলকে গোপনাঙ্গে লাথিসহ মারধরের মামলায় মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন জামিন পেয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপপরিদর্শক মো. গোলজার হোসেন তাকে কারাগারে রাখার আবেদন করেন।

আসামিপক্ষে তার আইনজীবী শেখ আব্দুল বারী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত তার জামিনের আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর দুপুর পৌনে ৩টার দিকে খিলগাঁও রেলগেটের দক্ষিণ সিগন্যালে পড়ে যান ডা. আনোয়ার হোসেন। দেরি হয়ে যাওয়ার কারণে দায়িত্বরত পুলিশ সদস্য রবিউল হাসানকে গালমন্দ করেন এবং হুমকি দিয়ে আবার আসতেছি বলে চলে যান।

১৫ মিনিট পর ১০ থেকে ১২ জন ৬/৭টি মোটরসাইকেলে করে রবিউলের কাছে এসে তার গোপনাঙ্গে লাথি মারে। পরবর্তীতে আনোয়ারসহ অন্যরা তাকে মাটিতে ফেলে ঘাড়, বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। বিট অফিসার এএসআই রবিউল ইসলাম এগিয়ে এলে তাকে সজোরে ধাক্কা দেয় এবং তার পোশাকের র‍্যাংক বেইজ ধরে টান দেয়। পরে আশপাশের পুলিশ সদস্যরা এসে ডা. আনোয়ারকে আটক করে।
বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া, মারধর করে জখম করার অভিযোগে সবুজবাগ ট্রাফিক বিভাগের কনস্টেবল রবিউল হাসান মামলা করেন। পরে চিকিৎসক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়।